জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩১শে অক্টোবর সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে পাংশা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাসির উদ্দিন মোল্লা ও সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



