রাজবাড়ী জেলার পাংশা-নাদুরিয়া ঘাট সড়কের চত্রা নদীর উপর নির্মাণাধীন বৃত্তিডাঙ্গা ব্রিজের ডাইভারশন সড়কের পুনঃ নির্মাণ কাজ গতকাল ২৩শে আগস্ট দুপুরে সম্পন্ন হয়েছে।
দুপুর ১টার দিকে নির্মাণ শ্রমিকরা ডাইভারশন রোডের পুনঃ নির্মাণ কাজ শেষ করেন। তবে গত ২২শে আগস্ট বিকাল থেকেই ডাইভারশন রোড দিয়ে হালকা যানবাহনসহ লোকজনের চলাচল শুরু হয়।
জানা যায়, কয়েক দিনে টানা বৃষ্টির ফলে সরিষা ইউপির সরিষা, বহলাডাঙ্গা, আন্দুলিয়া ও রূপিয়াট(আংশিক) গ্রামের মাঠ প্লাবিত হয়ে পড়ে। এর ফলে গত ২০শে আগস্ট সকালে স্থানীয়রা উল্লেখিত মাঠের রোপা আমন ও বর্ষাকালীন সবজির ক্ষেত ক্ষতি হওয়ার আশংকায় খাল দিয়ে পানি বের করার জন্য মাটির তৈরী ডাইভারশন রাস্তা কেটে দেয়। ফলে যানবাহনসহ লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দুর্ভোগে পড়ে সড়কে চলাচলকারী যানবাহনসহ লোকজন। তারা বিকল্পভাবে পাশের গ্রামের রূপিয়াট-হরিণাডাঙ্গার মধ্য দিয়ে সড়ক পথে যাতায়াত করে।
এদিকে পাংশা উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা জরুরী ভাবে ডাইভারশন রোডটি পুনঃ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন। গত তিন দিনে ৭জন নির্মাণ শ্রমিক দিনে-রাতে পরিশ্রম করে ডাইভারশন সড়কটি পুনঃ নির্মাণ করে।
ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, আগামী ২মাসের মধ্যে নির্মাণাধীন মূল ব্রিজের নির্মাণ কাজ শেষ করা হবে। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক নির্মাণ শ্রমিক নিয়োজিত করা হবে।
প্রায় তিন কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ব্রিজের ছাদসহ এখনো অনেক কাজ বাকি রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। স্থানীয়রা জনগুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণাধীন ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানিয়েছেন।



