রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর ৮নং ওয়ার্ডে বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট।
গতকাল ৩রা ফেব্রুয়ারী বিকেলে টুর্নামেন্টের আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ফুটবলার মরহুম ফারুকের পিতা মোঃ শাজাহান খান।
উদ্বোধনী খেলায় উজানচর আলোর দিশারী ক্লাব ও মর্নিং স্টার ক্লাব একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আলোর দিশারী ক্লাব ২-০ গোলে মর্নিং স্টার ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ মজিবর রহমান, স্থানীয় কমেদ সরদার, ইউসুফ আলী, মুকুল মোল্লা, সাবেক ফুটবলার মোঃ আরজু, জিয়াউল হাসান টিটু, মোঃ সোহেল, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক মোঃ সাইদুল ইসলাম ও স্কুল শিক্ষক মনিরুজ্জামান মানিক প্রমুখসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আহ্বায়ক রেজাউল করিম রেজা বলেন, টুর্নামেন্টেটি আমার মরহুম বড় ভাইয়ের নামে আয়োজন করা হয়েছে। প্রতিবছরই একটি টুর্নামেন্টের আয়োজন করি। তারই ধারাবাহিকতায় এ টুর্নামেন্টে মোট ২০টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিতে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।



