ঢাকা বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান যাবে বিআরটিসি’র ঈদ স্পেশাল এসি বাস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-০৪ ১৫:৫৬:০১

রাজবাড়ী থেকে ভায়া পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত বিআরটিসি’র ঈদ স্পেশাল এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এর মাধ্যমে রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

 আগামীকাল ৬ই জুন শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী শহরের শ্রীপুরস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিআরটিসি’র ঈদ স্পেশাল এসি বাস সার্ভিস উদ্বোধন করবেন বিআরটিসি’র চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) রাজবাড়ীর কৃতি সন্তান আব্দুল লতিফ মোল্লা।
 জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালে বিআরটিসির ঈদ স্পেশাল এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করবেন বিআরটিসির নতুন চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা। 
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত থাকবেন।
 বিআরটিসির চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা দৈনিক মাতৃকণ্ঠকে বলেন, রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবী ছিল রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়া। আমরা রাজবাড়ীবাসীর সেই আকাঙ্খা পূরণ করতে যাচ্ছি। আগামী ৬ই জুন ঈদ স্পেশাল বাস সার্ভিস চালুর মধ্যে দিয়ে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত নিরবচ্ছিন্ন বাস সার্ভিস চালু হবে।
 তিনি আরো বলেন, যেহেতু রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন ঢাকায় যায়। সেজন্য রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত বাস সার্ভিস চালু করা হচ্ছে। তিনি বলেন, আমরা রাজবাড়ীতে বিআরটিসির একটি ডিপো স্থাপন করবো। এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। তিনি ডিপোর করার জন্য জায়গার ব্যবস্থা করে দিলে বিআরটিসি’র ডিপোর কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করেন। এ বিষয়ে তিনি রাজবাড়ীবাসীর সহযোগিতা কামনা করেন।

রাজবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা বিভাগীয় কমিশনারকে গোয়ালন্দে ফুলেল অভ্যর্থনা
সিংগা নিজাতপুরে বেগম খালেদা জিয়ার  রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ