ঢাকা সোমবার, ফেব্রুয়ারী ৯, ২০২৬
ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৬-১৩ ১৫:১৮:০৩

পরিবারের সাথে ঈদের ছুটি শেষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
 রাজধানীমুখী এসব মানুষ দৌলতদিয়া ঘাটে নেমে নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে ভিড় করছে। তবে মাত্র তিন থেকে চার মিনিটেই যাত্রী বোঝাই করে লঞ্চগুলো ঘাট ছেড়ে যাচ্ছে।
 গতকাল ১৩ই জুন বিকাল ৫টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এমন চিত্র দেখা গেছে।  
 পাংশা থেকে আসা বকুল খান নামে এক পোশাক শ্রমিকের এক হাতে লাগেজ এবং আরেক হাত দিয়ে স্ত্রীকে ধরে ভিড় সামলে লঞ্চে ওঠার চেষ্টা করছেন।
 তিনি বলেন তিনি ঢাকার হেমায়েতপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। তার স্ত্রীও একই পোশাক কারখানায় কাজ করেন। তারা মাহিন্দ্রে দৌলতদিয়া ঘাটে নামেন। রাস্তায় তেমন সমস্যা না হলেও ঘাটে এসে ভিড়ে পড়েন। শনিবার থেকে তাদের পোশাক কারখানা খুলবে। তাই আজ বিকালেই তারা বের হয়েছেন। ভিড়ের মধ্যে যাতে কেউ হারিয়ে না যাই এজন্য একহাতে লাগেজ এবং আরেক হাত দিয়ে শক্ত করে নববধুকে ধরে রেখেছেন। 
 মধুখালী থেকে আসা ফাতেমা আক্তার নামে আরেক পোশাক শ্রমিক বলেন, তিনি সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের ছুটিতে বাড়ীতে এসেছিলেন। পরিবারের সাথে ঈদ করে এখন কর্মস্থলে ফিরছেন। শনিবার থেকে কারখানা খুলছে। তাই দেরি না করে আজই ভাগ্নেকে সাথে করে রওয়ানা হয়েছেন তিনি।
 সরেজমিনে গতকাল ১৩ই জুন বিকালে ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখা যায়, লঞ্চ ঘাটে কাঠের সেতু দিয়ে যাত্রীরা সারিবদ্ধভাবে পন্টুনে দাঁড়াচ্ছেন। টিকিট কাটার দায়িত্বরত শ্রমিকরা পন্টুন ছেড়ে কাঠের সেতুর ওপর গিয়ে যাত্রীদের থেকে নদী পাড়ের টিকিট দিচ্ছেন। পন্টুনে সারিবদ্ধভাবে বেঁধে রাখা লঞ্চগুলো মুহুর্তের মধ্যে যাত্রী বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এ সময় আনসার, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিআইডব্লিউটিএ সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়।  
 ঘাটে কর্মরত দৌলতদিয়া নৌ-ফাঁড়ির মাসুদ হোসেন নামে এক পুলিশ সদস্য বলেন, গত বৃহস্পতিবার তেমন ভিড় ছিল না। গতকাল শুক্রবার সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের ছুটি শেষে শনিবার থেকে অনেকের অফিস, পোশাক কারখানা খুলবে। যে কারণে আজ সকাল থেকে লঞ্চ ঘাটে ভিড় পড়েছে। আর মাত্র তিন থেকে চার মিনিটে প্রতিটি লঞ্চ যাত্রীতে ভরে যাচ্ছে। যাত্রীদের ভিড় সামাল দিতে আমাদেরও বেগ পোহাতে হচ্ছে। 
 ঘাটে শ্রমিকদের সাথে কাজ করছে ঘাট ইজারাদারের প্রতিনিধি আব্দুল আউয়াল। তিনি বলেন, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার থেকে যাত্রীরা ছুটতে শুরু করলেও মূলত আজ সকাল থেকে ভিড় পড়ছে। বেলা বাড়ার সঙ্গে যাত্রীদের ভিড় বাড়ছে। আগামীকাল শনিবার পর্যন্ত এই ভিড় থাকতে পারে।
 বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপার ভাইজার মোঃ শিমুল হোসেন বলেন, যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি লঞ্চ সচল রয়েছে। এ মুহুর্তে ১৮টি চললেও আরো দুটি লঞ্চ পাশে প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাপ অতিরিক্ত বাড়লে ওই দুটিও চালু করা হবে।

 

রাজবাড়ীতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র মতবিনিময় সভা
সকলের সমন্বয়ে রাজবাড়ীতে আমরা ভালো নির্বাচন উপহার দিতে পারবো-----জেলা প্রশাসক
রাজবাড়ীতে ১১দলীয় জোটের আয়োজনে নির্বাচনী বিশাল সমাবেশ ও গণমিছিল
সর্বশেষ সংবাদ