ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবীতে মানববন্ধন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-০৭ ১৫:২৬:১১

 রাজবাড়ী সরকারী কলেজের সদ্য পদায়নকৃত উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের পদায়ন বাতিলের দাবীতে গতকাল ৭ই জুলাই দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করেছে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতা।
 মানববন্ধনে রাজবাড়ী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম-আহ্বায়ক রবিন মন্ডল, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার মুখপাত্র রাজিব মোল্লা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলতাফ হোসেন সাগর, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম তুহিন, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সংগঠক হাসান, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজন মন্ডল, জামিল সরদার, সহসভাপতি নিশান মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 এ সময় বক্তারা বলেন, গত ২রা জুলাই রাজবাড়ী সরকারী কলেজে উপাধ্যক্ষ হিসেবে হাবিবুর রহমানকে পদায়ন করা হয়েছে। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন দোসর। তিনি ২০১০ সালের ৫ই মে থেকে ২০২৪ সালের ১৪ই জুলাই পর্যন্ত দীর্ঘ প্রায় ১৪ বছর সরকারী কলেজে কর্মরত ছিলেন। এই কর্মকালীন সময়ে তিনি নিজেকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে আওয়ামী লীগের একজন বড় সমর্থক হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন। 
 বক্তারা আরও বলেন, শিক্ষক হাবিবুর রহমান ২০১৪ সালের ১৪ই জুলাই পর্যন্ত কলেজে থাকা অবস্থায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করেছে। বিভিন্ন জাতীয় দিবসের বক্তৃতায় তিনি আওয়ামী লীগ ব্যতীত অন্য রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক কথা বলেছেন। কলেজের বেগম খালেদা জিয়া ছাত্রী নিবাসের দীর্ঘদিন দায়িত্বে থাকা অবস্থায় ছাত্রলীগ নেত্রী ও সমর্থকদের নিয়ম বহির্ভূতভাবে সীট বরাদ্দ দিতেন। এখন পর্যন্ত তার ফেসবুক আইডিতে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন গুণবাচক ছবি সংবলিত লেখা রয়েছে। রাজবাড়ীর ছাত্রলীগ নেতাদের সাথে তার এখনো নিবিড় যোগাযোগ রয়েছে। তার উপাধ্যক্ষ পদে পদায়ন হওয়ার পর ছাত্রলীগ জেলা শাখার সভাপতি ও কলেজ শাখা সভাপতি ফেসবুকে অভিনন্দন দিয়েছেন এবং তারা উচ্ছ্বাসিত। এর ফলে রাজবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 এছাড়াও আগামী ১৬ই জুলাই “জুলাই শহীদ দিবস এবং ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস”-এই দিবসে পদাধিকারী হিসেবে তিনি কলেজ স্টেজে বক্তৃতা দিবেন যা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না। তাই অনতিবিলম্ব উপাধ্যক্ষ পদে হাবিবুর রহমানের পদায়ন বাতিল করতে হবে।
 মানববন্ধন শেষে ছাত্র-জনতারা উপাধ্যক্ষ পদে হাবিবুর রহমানের পদায়ন বাতিল করার দাবীতে নবাগত অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম এবং জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
 এ বিষয়ে নবাগত অধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম বলেন, বিষয়টি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।

 

গোয়ালন্দ উপজেলার ১হাজার ৩৬জন পাচ্ছে কৃষক কার্ড ॥আজ উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৭ শিশু হাসপাতালে ভর্তি
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসককে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা
সর্বশেষ সংবাদ