ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
রাজবাড়ীতে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-০৮ ১৫:২৯:০৫

 ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। 
 গতকাল ৮ই জুলাই সকাল ১০টায় অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। 
 সামাজিক বন বিভাগ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহেদ আলী বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার বক্তব্য রাখেন।
 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী বন বিভাগের সহযোগী বন কর্মকর্তা মীর সাঈদুর রহমান।
 এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এসএম এ হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার মিজানুর রহমান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে মোট ভূমির মাত্র ১৬ ভাগ বনভূমি রয়েছে, যা দেশের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এ জন্য অসময়ে বৃষ্টিপাত, বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
 তিনি আরো বলেন, এখন বর্ষাকাল, গাছ লাগানোর উপযুক্ত সময়। আমাদের প্রত্যেকের উচিত নিজ বাড়ীর আঙিনা ও ফাঁকা জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিকল্পিত বনায়নই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করতে। তাই আমাদের বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। নিজে বৃক্ষরোপণ করবো অন্যকেও বৃক্ষরোপণ করতে আমরা উৎসাহিত করবো। আমরা আমাদের বাড়ীর আঙিনায়, বিভিন্ন অফিস আদালতের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবো। বৃক্ষরোপণ করে রাজবাড়ী জেলাকে আরও সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় সকলকে সম্পৃক্ত থাকার আহবান জানান তিনি।
 আলোচনা সভা শেষে বৃক্ষ মেলা উপলক্ষে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী নিয়ে অতিথিরা মেলা প্রাঙ্গণে যান। পরে তারা স্টলগুলো পরিদর্শন করেন।
 জানা গেছে, ৮ই জুলাই থেকে আগামী ১৪ই জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

 

গোয়ালন্দ উপজেলার ১হাজার ৩৬জন পাচ্ছে কৃষক কার্ড ॥আজ উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৭ শিশু হাসপাতালে ভর্তি
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসককে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা
সর্বশেষ সংবাদ