ঢাকা মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬
রাজবাড়ীতে ৩১জন কৃতি শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৭-৩০ ১৫:৩১:০৫

রাজবাড়ীতে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম(এসইডিপি) এর আওতায় ৩১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
 গতকাল ৩০শে জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়।
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান বক্তব্য রাখেন।
 আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা জাহান মিনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীব বক্তব্য রাখেন।
 অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অঃ দাঃ) কাজী এজাজ কায়সার। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইসরাত জাহান ও অভিভাবক খন্দকার আব্দুর রাজ্জাক।
 প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে গুণগত শিক্ষা অর্জনের আগ্রহ সৃষ্টি করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান। যারা আজকে সম্মাননা পেয়েছে, তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো বিদ্যালয়ের জন্য গর্বের প্রতীক। এই পুরস্কার যেন তাদের ভবিষ্যৎ পথচলায় পাথেয় হয়। শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে, যেন আগামীতে আরও বেশি শিক্ষার্থী এই স্বীকৃতির আওতায় আসতে পারে।
 তিনি আরও বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের মধ্যে আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি শিক্ষকদের প্রতিও দায়িত্ববোধ বাড়াবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সময়োপযোগী উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়ন করে আমরা এই উপজেলাকে একটি শিক্ষাবান্ধব হিসেবে রূপান্তর করতে চাই। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠা থাকলে তা অসম্ভব কিছু নয়।
 এ সময় রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আরিফ হোসেন তালুকদার, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, অংকুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হাসান, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিস উদ্দিন মল্লিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভা শেষে রাজবাড়ী সদর উপজেলার মধ্যে এসএসসি ও এইচএসসি ২০২২ ও ২০২৩ সালের কৃতি ৩১ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। তবে এর আগে এই কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
 উল্লেখ্য, পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় সারা দেশের কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের পুরস্কার প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

 

রাজবাড়ীতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র মতবিনিময় সভা
সকলের সমন্বয়ে রাজবাড়ীতে আমরা ভালো নির্বাচন উপহার দিতে পারবো-----জেলা প্রশাসক
রাজবাড়ীতে ১১দলীয় জোটের আয়োজনে নির্বাচনী বিশাল সমাবেশ ও গণমিছিল
সর্বশেষ সংবাদ