ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২২ ১৫:০৬:৪৫

সরকারী অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গতকাল ২২শে আগস্ট গ্রেফতার করা হয়েছে।
 পুলিশের গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান। 
 কলম্বো থেকে এএফপি জানায়, ওই কর্মকর্তা বলেছেন, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ে স্ত্রী’র সম্মানে এক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরের ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর বিক্রমাসিংহেকে হেফাজতে নেওয়া হয়।
 ওই কর্মকর্তা বলেন, ‘আমরা তাকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবো। তার বিরুদ্ধে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হচ্ছে।’
 ২০২৩ সালে জি-৭৭ সম্মেলন শেষে হাভানা থেকে ফেরার পথে বিক্রমাসিংহে লন্ডন যান। সেখানে বিক্রমাসিংহে ও তার স্ত্রী উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।
 বিক্রমাসিংহের দাবি, তার স্ত্রীর ভ্রমণ খরচ তিনি বহন করতেন এবং রাষ্ট্রীয় তহবিল থেকে স্ত্রী’র জন্য কোনো ব্যয় হয়নি।
 তবে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অভিযোগ করেছে, বিক্রমাসিংহে ব্যক্তিগত সফরে নিজের এবং স্ত্রী’র ভ্রমণের জন্য সরকারী অর্থ ব্যবহার করেছেন। তার দেহরক্ষীদের বেতনও রাষ্ট্রীয় তহবিল থেকেই হয়।
 উল্লেখ্য, চরম অর্থনৈতিক দুর্দশার কারণে সৃষ্ট গণবিক্ষোভের ধাক্কায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিক্রমাসিংহে ওই পদে বসেন। তিনি ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দ্বীপ দেশটির ক্ষমতায় ছিলেন। এই সময়ের মধ্যে দেশের অর্থনীতিকে খানিকটা টেনে তোলায় তাকে অনেকেই কৃতিত্ব দেন।
বিক্রমাসিংহে ১৯৯০-র দশক থেকে এ পর্যন্ত আলাদা আলাদা ৬বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
৭৬ বছর বয়সী এ রাজনীতিক প্রেসিডেন্ট থাকাকালে মোট ২৩টি বিদেশ সফর করেছিলেন, তাতে প্রায় ২০ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
 বিক্রমাসিংহের আগে কখনোই শ্রীলঙ্কার কোনো সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার হননি। ১৯৭৭ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে দ্বীপ দেশটির রাজনীতিতে তিনি প্রভাবশালী হিসেবেই বিবেচিত হয়ে আসছিলেন।
 পেশায় আইনজীবী বিক্রমাসিংহে অবস্থাপন্ন যে পরিবার থেকে রাজনীতিতে এসেছেন সে পরিবারে রাজনীতিক ও ব্যবসায়ীর সংখ্যা অনেক।
 ১৯৯৪ সালে নেতৃত্বভার নেওয়ার পর দল থেকে দুর্নীতিবাজ সদস্যদের তাড়িয়ে ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) ভাবমূর্তি পুনরুদ্ধারে তাকে কৃতিত্ব দেওয়া হয়।
 তিনি বেশ কয়েকবারই প্রেসিডেন্ট হতে চেষ্টা করেছিলেন, কিন্তু রাজাপাকসে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত সেই চেষ্টাগুলোর কোনোটিই সফলতারম মুখ দেখেনি।
 অথচ ২০২০ সালের পার্লামেন্ট নির্বাচনে তার দল প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সেবার কেবল তিনিই দলের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যেতে পেরেছিলেন।

 

বিদেশী রাষ্টদূত ও অতিথিদের অংশগ্রহণে নেপালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আবুধাবি ও দুবাইতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে বাংলাদেশ ২০২৬ সালের জন্য সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ