রাজবাড়ীতে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে ‘ব্ল্যাঙ্ক চেক’ জমা নিয়ে সুদের ওপর টাকা দিয়ে অতিরিক্ত সুদ আদায় ও মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে সাহান সরদার নামে এক যুবকের বিরুদ্ধে।
গতকাল ২রা সেপ্টেম্বর দুপুরে সাহানের গ্রেফতারের দাবীতে শহরের পান্না চত্বরে মোস্তফা প্লাজায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী কয়েকটি পরিবার।
সাহান সরদার রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত তুতা সরদারের ছেলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসন্তপুর ইউনিয়নের ভুক্তভোগী কৃষক তাইজুদ্দিন বিশ্বাস, কাশেম শেখ, হাসেম শেখ, সাথী বেগম, চাঁন বেপারীসহ প্রায় অর্ধশত কৃষক-কৃষাণী। তারা সাহান সরদারের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবী জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, সাহান সরদার প্রথমে দরিদ্র মানুষদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন এবং বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে স্বাক্ষর করা একাধিক ব্ল্যাঙ্ক চেক সংগ্রহ করেন। এরপর অল্প টাকা দিয়ে বড় অঙ্কের সুদ আদায় করেন। কেউ টাকা পরিশোধে ব্যর্থ হলে, পূর্বে সংগৃহীত ব্ল্যাঙ্ক চেকের পাতায় ইচ্ছেমতো অঙ্ক বসিয়ে আদালতে মামলা দায়ের করেন। তার নির্যাতনে বসন্তপুর ইউনিয়নের বহু পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, সাহান সরদার দীর্ঘদিন ধরে চক্রবদ্ধভাবে সুদের ব্যবসা পরিচালনা করছেন। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে তিনি গ্রাহকদের বাড়ী থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। প্রতারণার মাধ্যমে শতাধিক দরিদ্র পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছেন তিনি।
বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ভুক্তভোগী তাইজুদ্দিন বিশ্বাস বলেন, আমার ১৬ বছরের ছেলে মিরাজ বিশ্বাস রাজমিস্ত্রীর কাজ করতো। সাহান সরদার আমার ছেলেকে মাসে ১৪ হাজার টাকায় ভালো কাজ দিবে বলে নিয়ে যায়। আমার ছেলে দুই মাস সেখানে কাজ করে। একদিন আমার ছেলে বাড়ীতে এসে আমার কাছে ব্যবসার জন্য সাত লাখ টাকা চায়। আমি তিনটি এনজিও থেকে ঋণ করে, বাড়ীর গরু বিক্রি করে এবং আমার মোটর সাইকেল বিক্রি করে ছেলেকে ব্যবসার জন্য সাত লাখ টাকা দেই। আমার ছেলে সেই টাকা নিয়ে সাহানের হাতে তুলে দেয়। এরপর সাহান আমার ছেলেকে দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলায় এবং কৌঁশলে তার থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেয়। পরে সাহান ওই ব্ল্যাঙ্ক চেক দিয়ে আমার ছেলের বিরুদ্ধে ১৬ লাখ টাকার দাবীতে মামলা করে। সে আমাদের সাত লাক টাকা আত্মসাৎ করেছে এবং উল্টো মামলা দিয়ে আমার ছেলেকে হয়রানী করছে। আমরা এর বিচার চাই।
আরেক ভুক্তভোগী বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের কাশেম শেখ বলেন, সাহান সরদার এলাকার একজন পেশাদার সুদখোর। আমি সাহানের কাছ থেকে সাত লাখ টাকা নিই। তখন সে আমার কাছ থেকে একটি ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক নেয়। আমি তাকে লাভসহ মোট ৯ লাখ টাকা পরিশোধ করি। কিন্তু সে আমাকে চেকের পাতা ফেরত দেয় না। এখন সে আমাকে ২০ লাখ টাকার মামলা দিবে বলে হুমকি দিচ্ছে।
আরেক ভুক্তভোগীর বাবা হাসেম শেখ বলেন, আমার ছেলে একজন ট্রাক ড্রাইভার। আমার ছেলে সাহান সরদারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নেয়। পরবর্তীতে আমার ছেলে সাহানকে লাভসহ দুই লাখ টাকা দেয়। কিন্তু তারপরও মাঝে মাঝে সাহান সরদার বাড়ীতে এসে ঝামেলা করে। এক সময় আমার ছেলেকে কিছু মাস্তান দিয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং আরো ১০ লাখ টাকার দাবী করে।
আরেক ভুক্তভোগী চাঁন বেপারীর স্ত্রী বন্যা বলেন, আমার স্বামী ব্যাংকের চেক জমা দিয়ে সাহান সরদারের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছিল। পরে আমার স্বামী তাকে সুদসহ ৪০ হাজার টাকা ফেরৎ দেয়। ৪০ হাজার টাকা দেয়ার পরেও সাহান চেক ফেরত দেয় না এবং আরো টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দেয়াতে সে আমার স্বামীর বিরুদ্ধে ৪ লাখ টাকার মামলা দিয়েছে। সাহানের অত্যাচারের কারণে আমার স্বামী স্ট্রোক করে ঘরে পড়ে গেছে।
আরেক ভুক্তভোগী মিঠু শেখের স্ত্রী সাথী বেগম বলেন, আমার স্বামী সাহানের কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর এক বছর ধরে অতিরিক্ত টাকা দিয়েছে। এরপর আমাদের পরিবারে চাপ সৃষ্টি করে সে। আমার স্বামী তার অত্যাচারে পরিবার ছেড়ে ৭মাস পালিয়ে ছিল। এরপর সে আমার ওপর চড়াও হলে আমি বাড়ীর জমি বিক্রি করে তাকে ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছি। সুদখোর সাহানের কারণে আমরা ভিটে মাটি ছাড়া। এখন আমরা গুচ্ছগ্রামে থাকি।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। কোনো নির্যাতিত পরিবার থানায় অভিযোগ দিলে, সেটিও গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে সাহান সরদারের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।



