ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
শশুর বাড়ী থেকে দেড় মাস ধরে নিখোঁজ গৃহবধু রেনু॥ফিরে পেতে মায়ের আকুতি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-১৩ ১৫:৫০:৪৯

 দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মোছাঃ রেনু বেগম(৩৮)। সে ওই এলাকার বাবলু শেখের (৪৫) স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 
 অভিযোগ উঠেছে স্বামী বাবলু শেখ এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমে আসক্ত হয়ে বিভিন্ন সময় নিজ স্ত্রী রেনু বেগমকে মারধর করতো। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রেনু বেগম নিখোঁজ হয়। 
 এরপর আগস্ট মাসের মাঝামাঝি সময় রেনু বেগমের মা মোছাঃ মরিয়ম বেগম মেয়ের খোঁজে মেয়ের শশুর বাড়ী আসলে তাকেও ঘরে আটকে মারধর করে জামাই বাবলু শেখ। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বলে জানা গেছে।
 এ ঘটনার পর মরিয়ম বেগম মেয়ের খোঁজ পেতে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ১৫ দিনের বেশি সময় পার হলেও নিখোঁজ মেয়ের কোন সন্ধান না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে তিনি।
 এ বিষয়ে মোছাঃ মরিয়ম বেগম বলেন, আমার একমাত্র মেয়ে রেনু। মেয়ের কষ্ট দেখে আমি নিজের টাকা দিয়ে জমি কিনে বাড়ী করে দিয়েছি। তবে গত কয়েক বছর ধরে বাড়ীর পাশের এক মহিলার সাথে জামাই পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। এরপর থেকে সে আমার মেয়েকে মাঝে মধ্যেই মারধর করতো। অনেক দিন ধরে মেয়ের কোন খোঁজ না পেয়ে গত মাসে মেয়ে জামাইয়ের বাড়ীতে যাই। তবে বাড়ীতে মেয়ে ছিলো না। মেয়ে কোথায় জানতে চাইলে জামাই আমাকে ঘরে আটকে মারধর করে। পরে স্থানীয়রা এসে আমাকে বের করে। আমার ধারণা জামাই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি তবে পুলিশও কোন খবর দেয় না!
 এ বিষয়ে বাবলু শেখের মা মোছাঃ আখিরন বিবি বলেন, আমার ছেলের বাড়ী আমার বাড়ী থেকে একটু দূরে। কয়েক মাস ধরে মানুষের মুখে শুনতে পাই প্রবাসী ফারুকের বউ হোসনেহেরার সাথে আমার ছেলের অবৈধ সম্পর্ক রয়েছে। এরপর একদিন ছেলের বাড়ীতে গিয়ে দেখি আমার ছেলে হোসনেহেরার সাথে এক ঘরে শুয়ে আছে। আমি তাকে বকাবকি করে চলে আসি। গত মাসে জানতে পারি ছেলের বউ বাড়ী থেকে চলে গেছে। কোথায় গেছে আমি ছেলের কাছে জানতে চাইলে সে বলে জানি না।
 এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক এস আই মোঃ আকবর বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই বাড়ীতে গিয়েছিলাম। তবে নিখোঁজ রেনু বেগমের স্বামী ও সন্তান বলে তার মাথায় সমস্যা রয়েছে। মাঝে মাঝেই সে বাড়ী থেকে চলে যায়। আবার কিছু দিন পর ফিরে আসে। স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে নিখোঁজের স্বামী বাবলু শেখের। যার কারণে বাবলু শেখ স্ত্রী রেনু বেগমকে মারপিট করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে এমন প্রশ্নের জবাবে এই পুলিশ অফিসার বলেন, স্থানীয়দের মুখে মুখে এমন গুঞ্জন রয়েছে। 
 তিনি আরও বলেন, আমি অভিযোগে দেওয়া নম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করছি তবে কেউ ফোন রিসিভ করছে না। এই জন্য তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। 
 নিখোঁজ মোছাঃ রেনু বেগম জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগাছ এলাকার ইমান আলী শেখের মেয়ে। দীর্ঘ ২৫বছর আগে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মোঃ পাচু শেখের মেঝো ছেলের সাথে তার বিয়ে হয়। 

 

গোয়ালন্দ ঘাট থানার শতগজের  মধ্যে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
বালিয়াকান্দিতে ৪দিনের কৃষক কৃষাণী প্রশিক্ষণের সমাপনী
বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে পটুয়াখালীর জুয়েল অতিক্রম করলো গোয়ালন্দ
সর্বশেষ সংবাদ