রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই সেপ্টেম্বর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল ও সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ রহমত আলী বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক(অঃ দাঃ) মোঃ মাহমুদুল হাসান, র্যাব-১০ এর প্রতিনিধি, জেল সুপার এনামুল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, রাজবাড়ী বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, রাজবাড়ী জেলা জজ আদালতের পিপি আব্দুর রাজ্জাক-২, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ও এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাবেক আহবায়ক মীর মাহমুদ সুজন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সকল উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালী, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইমানুল করিম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল ইসলামসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাসমূহে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল বলেন, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য জেলা সতর্ক অবস্থানে রয়েছে। প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরার আওতায় থাকার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। পূজায় পুলিশের বিশেষ পেট্রোলিং থাকবে। মোবাইল পার্টি কাজ করবে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্য কাজ করবে। এছাড়াও শহরের ট্রাফিক ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া হবে। মাদক উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ রহমত আলী বলেন, সামনে বাচ্চাদের টাইফয়েডের ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১২ই অক্টোবর থেকে সারা বাংলাদেশে একযোগে এই টিকা দেওয়া হবে। এই টিকা পেতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।
তিনি আরও বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে অভিযান চলবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে হামলা একটি অনাকাঙ্খিত ঘটনা। আমরা প্রশাসন থেকে সবাই আন্তরিক ছিলাম বিষয়টি সমাধানের জন্য। এর জন্য উভয় পক্ষকেই ডেকেছিলাম। আমরা কয়েক দফা মিটিংও করেছিলাম। আলেম সমাজের যে তিনটি দাবী ছিলো তার মধ্যে দুইটি দাবী তারা মেনেও নিয়েছিলো। শুধু কবর উপর থেকে নিচে নামানোর জন্য তারা কিছু সময় নিয়ে ছিলো। এই সময়টা আমরা দেয়নি, আলেম সমাজই তাদের দিয়েছিলো। প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোন গ্যাপ ছিলো না। তিনটি দাবীর মধ্যে দুইটি দাবী পূরণ হওয়ার পরও আলেম সমাজ বিক্ষোভ করতে চেয়েছিল। আমরা আলেম সমাজকে ডেকেছিলাম বিক্ষোভ না করার জন্য। তারা আমাদেরকে ইনশিওর করেছিলো কোন ঝামেলা হবে না, শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ সমাবেশ করবে। কিন্তু পরে যা হবার তাতো হয়ে গেছে। এ বিষয়ে আমাদের আন্তরিকতার কোন ঘাটতি ছিলো না। তারপরও প্রশাসনকে দায় দেওয়া হয়। এটা খুবই দুঃখজনক।
তিনি আরও বলেন, রাজবাড়ী ছোট একটা জেলা হলেও এখানে অনেক বেশি পূজা মন্ডপ। এবার ৪৩৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমি যে উপজেলায় যাচ্ছি সেখানে গিয়ে পূজা মন্ডপগুলো পরিদর্শন করছি। জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। প্রতিটি পূজা মন্ডপে ৩ থেকে ৪ টা সিসি ক্যামেরা লাগানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পূজাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। যেকান বিষয়ে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।



