রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে গত ১৩ই অক্টোবর সকালে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
জানা যায়, পাংশা মডেল থানার এসআই সাজিদ আহমেদ সঙ্গীয় ফোর্স ও যৌথ বাহিনীর অফিসার ও ফোর্সের সহায়তায় গত ১৩ই অক্টোবর সকাল সোয়া ৭টার দিকে পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের ধৃত আসামী ইউনুস মন্ডলের বসত বাড়ী হতে ২টি দেশীয় তৈরী পাইপ গান, ১টি ওয়ান শুটারগান, ৮টি কার্তুজ, ২টি লং রেঞ্জ টিয়ার গ্যাসসেল, ৪টি ককটেল সাদৃশ্য বস্তু, ৪টি পটকা, ১টি এক্সপেন্ডেবল ব্যাটন ও ১টি কুড়াল উদ্ধার করেন।
এছাড়া এসআই সাজিদ আহমেদ সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনীর অফিসার ও ফোর্সের সহায়তায় গত ১৩ই অক্টোবর সকাল সোয়া ৮টার দিকে পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসত বাড়ীর সামনে পাটকাঠির গাদার ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি হাসুয়া, ৫টি পটকা ও ৬টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেন।
এসব ব্যাপারে পাংশা মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।



