রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আগামীকাল ১৩ই নভেম্বর থেকে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ।
গতকাল ১১ই নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও), রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা পরিবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগিতা বিষয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আগামী ১৩ই নভেম্বর থেকে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন কোন দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে, সেটি নির্ধারণ করা হয়নি। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি সচিব জানান, গত রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। এই আচরণ বিধি প্রকাশিত হওয়ার পরই সংলাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি ছাড়া সংলাপ অর্থবহ হতো না। এখন এটি প্রকাশিত হওয়ায় আমরা ১৩ই নভেম্বর থেকেই সংলাপ শুরু করব।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিবন্ধিত দলগুলোর সঙ্গেই মতবিনিময় করব। আমরা আশাবাদী, রাজনৈতিক দলগুলো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে গণমাধ্যমকেও জানানো হবে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আরো বরেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি নভেম্বর মাসের মধ্যেই যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করতে চায় নির্বাচন কমিশন(ইসি)।
তিনি বলেন, আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। যার একটি হলো- রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় বা সংলাপ, আরেকটি হচ্ছে- নির্বাচনী পর্যবেক্ষকদের নিবন্ধন। তবে আমাদের লক্ষ্য নভেম্বর মাসের মধ্যেই সব প্রস্তুতি শেষ করে নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো।
বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহাল বিষয়ে আদালতের রায়ের কপি এখনও নির্বাচন কমিশনে পৌঁছায়নি জানিয়ে ইসি সচিব বলেন, ‘আমরা এখনো সার্টিফাইড কপি পাইনি। রায়ের কপি হাতে পেলে কমিশন তা পর্যালোচনা করে আপিল করা হবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সভায় তিনটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় কোনো উপকরণ ব্যবহার করা যাবে না। তবে ফেস্টুন ও লিফলেট ব্যবহার করা যাবে, নির্ধারিত আকার ও নিয়ম মেনে।’
আখতার আহমেদ জানান, এবার থেকে প্রার্থীদের জন্য নতুন একটি বাধ্যবাধকতা যোগ হয়েছে- আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা।
তিনি বলেন, ‘যদি কোনো প্রার্থী রাজনৈতিক দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে প্রার্থী এবং দল-উভয়কেই আচরণবিধি ও প্রাসঙ্গিক আইন মেনে চলার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। আর যদি স্বতন্ত্র প্রার্থী হন, তবে তিনি এককভাবে এ প্রতিশ্রুতিপত্র জমা দেবেন।’
গণভোট আয়োজন বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, গণভোট বিষয়ে নির্বাচন কমিশন বা সচিবালয় পর্যায়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
আইন-শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি বলেন, ‘প্রত্যেকে এখন তাদের নির্ধারিত দায়িত্বের জায়গা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। মাসের শেষের দিকে আমরা আরেকটি সভা করবো, সেখানে অগ্রগতি পর্যালোচনা করা হবে।’
নির্বাচন কমিশনের শীর্ষ এই কর্মকর্তা জানান, নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপ দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণার পরিবেশ নিশ্চিত করাই ইসির মূল লক্ষ্য।



