রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান (৪৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গতকাল ১৫ই নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু বকর ওই এলাকার করম আলীর ছেলে।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং তার অন্যান্য অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্যরা লকডাউন কর্মসূচি বাস্তবায়নে গত ১০ই নভেম্বর দিবাগত রাতে সদর উপজেলা বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে রাতের আধারে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে এ সময় ৪জনকে আটক করে তারা। পরে পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫/২০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৭(৩)/৮/৯(৩)/১০/১১ ধারায় মামলা দায়ের করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খানকে তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।



