নির্বাচনী প্রচারণা, পল্লবীতে যুবদল নেতা হত্যা, বালিয়াকান্দিতে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল ১৮ই নভেম্বর বিকেলে শহরের আজাদী ময়দান থেকে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জিয়া সৈনিক দলের জেলা শাখার সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন ও সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদন্ডের রায় হয়েছে। আমদের দাবি অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই রায় দ্রুত কার্যকর করতে হবে।
বক্তারা আরো বলেন, গতকাল ঢাকার পল্লবীতে যুবদল। নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
বক্তারা বলেন, গতকাল বালিয়াকান্দিতে বিএনপির এক নেতার কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সেই নেতাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। সেই সাথে যারা গোয়ালন্দ মোড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়েছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারীতে দেশে অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আমরা নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবো।



