রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার আক্কাস আলী হাই স্কুলের পেছনে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি ও বহনের দায়ে ২টি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
গত ৩০শে নভেম্বর রাতে সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের উপজেলার সামনে থেকে দুটি মাটিবাহী ড্রাম ট্রাকটি আটক করা হয়।
এ বিষয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন প্রতিরোধ এবং সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে অভিযান চালিয়ে ২টি মাটিবাহী ড্রাম ট্রাক জব্দসহ দুই চালককে আটক করা হয়েছে। ট্রাকগুলো উপজেলা চত্বরের পাশে রাখা হয়েছে। জব্দকৃত ট্রাক গুলোর মালিকেরা আসলে তাদের বালু, মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হবে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হবে তারা যেন কোন জমি পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি না করে।
এসিল্যান্ড আরো জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোন প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে দিনের পরিবর্তে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত চলছে মাটি কাটার উৎসব। স্থানীয় প্রশাসন জেল জরিমানা, মাটি ভর্তি ট্রাক ও ভেকু জব্দ করেও মাটি কাটা থামানো যাচ্ছে না।
.



