ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
গোয়ালন্দে শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-১২-০১ ১৫:২১:২৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ সালাহ উদ্দিন শেখের বদলি আদেশ বাতিল করে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১লা ডিসেম্বর সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
 এ সময় শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে ব্যানার ও বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। এর আগে ২৬শে নভেম্বর একই দাবিতে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
 শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “আমাদের শিক্ষক অনেক ভালো। তাকে ষড়যন্ত্র করে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা তাকে যেতে দেব না। তিনি শুধু শিক্ষক নন, তিনি আমাদের অভিভাবক।
 তারা আরো বলেন, সালাহ উদ্দিন স্যার একজন নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও নিয়মিত ক্লাস নেওয়া আদর্শ শিক্ষক। তার হঠাৎ বদলির সিদ্ধান্ত শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।
 এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছাঃ সুলতানা মেহেরুনা জামান বলেন, এই বদলির বিষয়টি আমাদের হাতে নেই। উপর মহল থেকেই নিয়ম অনুযায়ী বদলি করা হয়েছে। আমাদের এ ব্যাপারে কিছুই করার নেই।
 এ সময় গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা যেন কোন অবনতি না ঘটে সেজন্য আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছিলো। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, পরে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
 এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, নিয়ম অনুযায়ী বদলির আদেশ হয়েছে। শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেয়া হয়েছে।
 উল্লেখ্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে গোয়ালন্দ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মোঃ সালাহ উদ্দিন শেখকে মাদারীপুরের সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বদলি করা হয়েছে। একই আদেশে অন্য এক শিক্ষককে তার স্থলে গোয়ালন্দে পোস্টিং দেওয়া হয়। এ খবর জানার পর থেকেই শিক্ষার্থীরা তাদের শিক্ষককে প্রতিষ্ঠানে রেখে দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ শুরু করে আসছে।
.

 বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
 বালিয়াকান্দির সোনাপুর বাজারে রং মিশ্রিত মথ ডাল সনাক্তকরণ॥ভোক্তা অধিকারের জরিমানা
বালিয়াকান্দিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের নতুন কমিটি গঠন
সর্বশেষ সংবাদ