রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উন্মোচনের মাধ্যমে গত ৩০শে নভেম্বর দুপুরে উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় রাজবাড়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুল আলম, সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার আব্দুল মান্নান, জেলা প্রশাসকের সহকারী কমিশনার আবুবকর সিদ্দিক ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবক এটিএম আকরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অর্থায়নে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এই ভবনটি মাদ্রাসার শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি ও একাডেমিক কার্যক্রম আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বর্তমানে ৪০জন শিক্ষক-কর্মচারী ও প্রায় ১২০০ শিক্ষার্থীর সমন্বয়ে পরিচালিত মাদ্রাসাটি রামকান্তপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপ্রসিদ্ধ। সম্প্রতি শিক্ষাবান্ধব জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত টিআর এর আওতায় প্রতিষ্ঠানটির কক্ষসমূহের রংকরণ, থাই গ্লাস সংযোজনসহ নানাবিধ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে জেলা প্রশাসক ঐকান্তিক প্রচেষ্টার বহিঃপ্রকাশের ফলে ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সুফল পেতে শুরু করেছে। শিক্ষক-শিক্ষার্থীর মানোন্নয়নে জেলা প্রশাসনের এ নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানসম্মত শিক্ষা বিস্তারে সরকারের চলমান উন্নয়ন উদ্যোগের ধারাবাহিকতায় এ প্রকল্প রাজবাড়ী জেলার শিক্ষাখাতে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।



