ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
কাজী ইরাদত আলী ও তার পরিবারের ৬৬ কোটি টাকার সম্পত্তির ক্রোকের নির্দেশ॥ব্যাংক হিসাব ৭৩টি অবরুদ্ধ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১২-০১ ১৫:২৬:২৩

 অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের সকলের সকল ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে আদেশ দেওয়া হয়েছে।
 গতকাল ১লা ডিসেম্বর দুপুরে রাজবাড়ীর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর(পিপি) বিজন কুমার বোস এই আদাশের সত্যতা নিশ্চিত করেন। রাজবাড়ীর সিনিয়র স্পেশাল জজ আদালতের পারমিশন পিটিশন নং-০১/২০২৫, তাং-৩০/১১/২০২৫ইং। 
 দুদকের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ বিজন কুমার বোস আদালতের আবেদনে উল্লেখ করেন, কাজী ইরাদত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসাবে সরকার দলীয় প্রভাব বিস্তার করে টেন্ডারবাজী, ভূমি দখল, বালুমহল দখলসহ নানাবিধ দুর্নীতির সাথে জড়িত থেকে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের উদ্দেশ্যে তার স্ত্রী রাবেয়া পারভীন, ছেলে কাজী রাকিবুল ইসলাম, মেয়ে কাজী সিরাজুম মুনিরা, জামাতা মোঃ নুরুল ইসলামের নামে অবৈধ সম্পদ হস্তান্তর করে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপনের উদ্দেশ্যে স্থানান্তর বা রূপান্তর বা হস্তান্তর করে মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। 
 তিনি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২, এর ১৪ ধারা মতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামীয় অপরাধ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি ক্রোককরণ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করণের আবেদন জনান।
 আদালত ও দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর(পিপি) ও দুর্নীতি দমন কমিশন ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোঃ মোস্তাফিজ চলতি বছরের ২৭শে নভেম্বর মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা বিধান মোতাবেক রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ কাজী ইরাদত আলী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট পরিবারের সদস্যগণের নামীয় জ্ঞাত আয় বহির্ভূত অপরাধ সংশ্লিষ্ট স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন করেন।
 অনুসন্ধানকারী কর্মকর্তা তার দাখিলকৃত দরখাস্তে উল্লেখ করেন, অভিযোগ সংশ্লিষ্ট কাজী ইরাদত আলীর নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ৫২ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৫৫৭ টাকা মূল্যের স্থাবর সম্পদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ৯ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ৩০৬ টাকার স্থিতি এবং ১ কোটি ৪৭ লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র ক্রয় এবং গাড়ী ক্রয় বাবদ ২ কোটি ২০ লাখ ৭৮ হাজার টাকা সহ সর্বমোট ৬৫ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধ উপায়ে অর্জন করে দখলে রেখেছেন যা তার অপরাধলব্ধ সম্পদ।
 দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধান শুরুর পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সকল হিসাব নগদায়ন করার চেষ্টা ও স্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করেছেন বলে জানান। এই সম্পত্তি বিজ্ঞ আদালতের মাধ্যমে ক্রোক/অবরুদ্ধকরণ করা না হলে তা অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।  প্রেক্ষিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কাজী ইরাদত আলী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামীয় অপরাধ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি ক্রোককরণ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করণের আবেদন করেন দুদকের পিপি এডঃ বিজন কুমার বোস ও তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন।
 জানা গেছে, এসব সম্পত্তির মধ্যে কাজী ইরাদত আলীর নামে বিভিন্ন ব্যাংকে ১০টি একাউন্টে ১ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৮৮২ টাকা, কাজী ইরাদত আলীর স্ত্রী রাবেয়া পারভীনের নামে বিভিন্ন ব্যাংকের ৭টি একাউন্টে ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৪৯৪ টাকা, কাজী ইরাদত আলীর ছেলে কাজী রাকিবুল হোসেনের নামে বিভিন্ন ব্যাংকের ১৩টি একাউন্টে ৪৫ লক্ষ ৬৫ হাজার ২১৮ টাকা, কাজী রাকিবুল হোসেনের স্ত্রী আফসানা নওমী তাকিনার নামে বিভিন্ন ব্যাংকের ৮টি একাউন্টে ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা, কাজী ইরাদত আলীর মেয়ে কাজী সিরাজুম মনিরার নামে বিভিন্ন ব্যাংকের ১১টি একাউন্টে ২ কোটি ৩৮ লাখ ১ হাজার ২১২ টাকা, কাজী ইরাদত আলীর মেয়ের জামাই মোঃ নুরুল ইসলামের নামে বিভিন্ন ব্যাংকের ১০টি একাউন্টে ১ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৫৭৫ টাকাসহ মোট ৪৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৪৯২ টাকার স্থিতি, কাজী ইরাদত আলীর পারিবারিক ডেভলপার কোম্পানি মিডল্যান্ড ডেভেলপমেন্ট পরিচালিত এক্সিম ব্যাংকের ৬টি হিসাবের বিপরীতে ২ কোটি ৮ লাখ ৯১ হাজার ৬৭৫ টাকা, গোল্ডেশিয়া জুট মিলসের এমডি কাজী ইরাদত আলী, ট্রেড এক্সিম ইন্টারন্যাশনাল নামে ৪টি ব্যবসায়িক ব্যাংক হিসাবে ১০ লাখ ৩৭ হাজার ১৩৯ টাকা, ইরাদত আলীর ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাই এর নামে ৪টি সঞ্চয়পত্রে ১ কোটি ৪৭ লাখ টাকা এবং কাজী ইরাদত আলীর স্ত্রী রাবেয়া পারভীনের নামে ৩টি গাড়ি, কাজী ইরাদত আলীর ছেলে কাজী রকিবুল হোসেন শান্তনু ও তার স্ত্রী আফসানা নাওমি তাকীনার নামে ২টি গাড়ি, কাজী ইরাদত আলীর মেয়ে সিরাজুম মনিরারা নামে ১টি গাড়ি ও কাজী ইরাদত আলীর নামে ১টি সহ ২ কোটি ২০ লাখ ৭৮ হাজার টাকা মূল্যে বিভিন্ন মডেলের ৭টি গাড়ি ও কাজী ইরাদত আলী ও তার স্বার্থ সংশ্লিষ্টের নামে স্থাবর সম্পদ (ভূমি, দালান ও ফিলিং স্টেশন)  ৪৭টি দলিলে ৫২ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৫৫৭ টাকার সম্পত্তি রয়েছে।
 দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ বিজন কুমার বোস বলেন, দুর্নীতি দমন কমিশন নির্দেশনায় ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ তার স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে ও জামাতাসহ কয়েকজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করেন। 
 অনুসন্ধান শেষে তদন্ত কর্মকর্তা মোস্তাফিজ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন জব্দের জন্য আমার মাধ্যমে বিজ্ঞ আদালতে আবদেন করেন। ওই আবেদন আমলে নিয়ে রাজবাড়ী স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান কাজী ইরাদত আলীর স্থাবর সম্পত্তি ক্রোককরণ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করণের আদেশ দেন।
 উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিন উত্তেজিত জনতা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সজ্জনকান্দাস্থ বসত বাড়ি এবং গোল্ডেশিয়া জুট মিলে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ ঘটনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে ২০২৪ সালের গত ৩০শে আগস্ট রাজবাড়ী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী রাজিব মোল্লা(২৪) বাদী হয়ে রাজবাড়ী থানার মামলা নং-১৪, তাং-৩০/০৮/২০২৪ইং, ধারাঃ ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড ও তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৬ ধারায় মামলা দায়ের হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

 

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
 রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স  অভিযানে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার-৪জন
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
সর্বশেষ সংবাদ