ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
রাজবাড়ীতে আমন ধানের ফলন ভালো হলেও ন্যায্য দাম নিয়ে হতাশ কৃষক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০৭ ১৪:৪৪:৫০

রাজবাড়ী জেলা জুড়ে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো।
 জেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে মৌসুমের নতুন ধান। তবে কৃষকদের অভিযোগ উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও ধানের ন্যায্য দাম পাচ্ছে না তারা।
 অন্যদিকে কৃষি বিভাগের দাবী উৎপাদন খরচ কমাতে ও ধানের ফলন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। 
 মাঠে মাঠে চলছে আমন ধান কাটার উৎসব। পুরোদমে চলছে মাড়াই এবং নতুন ধান ঘরে তোলার কর্মযজ্ঞ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ী জেলা জুড়ে ভালো ফলন হয়েছে। কাঠা প্রতি গড়ে চার থেকে সাড়ে চার মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে। তবে সার, বীজ, কীটনাশকে যে পরিমাণ খরচ হয়েছে, তাতে নতুন ধান বিক্রি করে কাঙ্খিত দাম মিলছে না অভিযোগ কৃষকদের।
 কৃষকরা জানান, ধানের ফলন ভালো হয়েছে। তবে শেষ সময়ে বৃষ্টি হয়েছে তাতে তাদের ধানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে ফলে তাদের ধান কাটতে কষ্ট হয়েছে। তারা ধানের পেছনে যে খরচ করছেন সেই খরচ তারা তুলতে পারছেন না ধান বিক্রি করে বলে জানান কৃষকরা।
 কালুখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, সরকারী ভাবে ধান সংগ্রহ শুরু হলেও নানা জটিলতায় কৃষকরা সরকারী ভাবে ধান বিক্রিতে আগ্রহ হারাচ্ছে। তবে হাটবাজারের তুলনায় সরকারী ভাবে ধানের দাম বেশি। 
 রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলাম বলেন, ভালো ফলন পেতে কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহ করা হচ্ছে। সেই সাথে উৎপাদন খরচ কমাতে রাসায়নিক সারের তুলনায় জৈব সারের ব্যবহার বৃদ্ধিতে পরামর্শ দেওয়া হচ্ছে। 
 চলতি মৌসুমে জেলার ৫ টি উপজেলায় ৫৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যা থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৭২ হাজার ৫৭০ টন। যার বাজার মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লক্ষ টাকা।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ