ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
বসন্তপুরে ব্যাটারির দোকানের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি
  • আশিকুর রহমান
  • ২০২৫-১২-০৭ ১৪:৪৫:২৭

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারে রাজিব ব্যাটারি হাউজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 
 অজ্ঞাতনামা চোরেরা দোকানের শাটার ও গ্রিলের তালা ভেঙ্গে ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত ৬ই ডিসেম্বর দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। 
 ভুক্তভোগী দোকান মালিক মোঃ রাজিব শেখ বলেন, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। ৭ই ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে আমি দোকান খুলতে গিয়ে দেখি দোকানের শাটার ও গ্রিলের ১০টি তালা ভাঙা এবং গ্রিল কাটা। এরপর আমি দোকানের মধ্যে ঢুকে দেখি আমার দোকানের মধ্যে থাকা ২৫টি ইজিবাইকের ব্যাটারি, ২০টি অটোরিক্সার ব্যাটারি, ৫টি আইপিএসের ব্যাটারি, ২৫টি ইজিবাইকের টায়ার, ৩০টি আটোরিক্সার টায়ার, ৮টি আইপিএস মেশিন ও ১৫টি ইজিবাইকের রিংসহ বিভিন্ন পার্টস চুরি হয়েছে। 
 তিনি আরও বলেন, চোরেরা আমার দোকানের সিসি ক্যামেরার তার ছিড়ে ফেলেছে। তবে তার ছেড়ার আগে যতোটুকু ভিডিও রেকর্ড হয়েছে তাতে দেখা গেছে, চোরেরা আমার দোকানের ১০ লাখ টাকার মালামাল বস্তায় ভরে ট্রাকে তুলে নিয়ে গেছে। এতে আমি একেবারে সর্বস্বান্ত হয়ে গেছি। পুলিশের কাছে অনুরোধ, সঠিক তদন্তের মাধ্যমে তারা যেন চোর চক্রকে শাস্তির আওতায় আনেন এবং আমার দোকানের মালামালগুলো ফেরত আনার ব্যবস্থা করেন।
 এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ আবু রাসেল বলেন, বসন্তপুর স্টেশন বাজারে রাজিব ব্যাটারি হাউজে চুরির খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চোর চক্রকে শনাক্তপূর্বক গ্রেফতারের জন্য আমরা কাজ করছি।

 

গোয়ালন্দে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে রাজবাড়ীতে সরস্বতী পূজা উদযাপন
পাংশায় সাবেক এমপি ডাঃ আসজাদ ও তার সহধর্মিনীর মৃত্যু বার্ষিকী পালিত
সর্বশেষ সংবাদ