ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই যোদ্ধা, এনসিপি এবং গণঅধিকার পরিষদ।
গতকাল ১২ই ডিসেম্বর সন্ধ্যা ৭টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে শিল্পকলার মোড় ঘুরে রেলগেটের শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এ সময় তাদের ‘আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জুলাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠ আরেকবার’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’-ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে এনসিপির জেলার যুগ্ম-সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, মীর মাহমুদ সুজন, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, কে এম আব্দুল্লাহ, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, জুলাই যোদ্ধা ইব্রাহিম খলিল ও নয়ন মুন্সি প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর যে অতর্কিত হামলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই এ হামলা প্রমাণ করেছে ইন্টেরিম সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা হাদির পাশে আছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে ওসমান হাদির সুস্থতার জন্য মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা।।
এ সময় এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাঈদুর জামান সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিদয় খান, কালুখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওবায়দুর রহমানসহ এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



