রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ গ্রামে বিএনপি নেতা আমজাদ খান হত্যার পরিকল্পনাকারী কাজল ও তার ভাই সবুজসহ সকল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই জানুয়ারী বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ গ্রামে নিহত আমজাদ খানের পরিবার ও বসন্তপুর ইউনিয়নবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিএনপি নেতা আমজাদ খানের স্ত্রী পারুল বেগম, আমজাদ খানের বড় মেয়ে বন্যা খাতুন, ছোট ছেলে সুমন খান, ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ পাটোয়ারী, কামাল হোসেন, সাজ্জাদ বিশ্বাস, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব,লিটু খানের স্ত্রী সাথী বেগম ও প্রতিবেশি মোঃ জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন বক্তারা বলেন, গ্রাম্য শালিসকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২৩শে জুলাই বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের বাসিন্দা ও ১নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আমজাদ খানকে কুপিয়ে গুরুতর জখম করে একই এলাকার কাজল ও তার ভাই সবুজসহ তাদের সন্ত্রাসী বাহিনী। পরে ২৬শে জুলাই ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আমজাদ খানের ভাই আরিফুল আলম খান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এ হত্যার মূল পরিকল্পনাকারী কাজল ও তার ভাই সবুজসহ অন্য আসামীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আমজাদ খান হত্যা মামলার বাদী আরিফুল আলম খানকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিল কাজল। আরিফুল আলম খান মামলা তুলে না নেওয়ায় সস্প্রতি ষড়যন্ত্র করে তার ঘরে অস্ত্র রেখে তাকে যৌথ বাহিনী দিয়ে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিয়েছে কাজল।
কাজল ও তার ভাই সবুজসহ আমজাদ খান হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবি জানান বক্তারা।
একই সঙ্গে মিথ্যা অস্ত্র মামলা থেকে আমজাদ খান হত্যা মামলার বাদী আরিফুল আলম খানকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।



