রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় খুচরা দোকানগুলোতে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।
গত প্রায় ১০দিন ধরে জেলার অধিকাংশ খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা।
খুচরা ব্যবসায়ীরা জানায়, এলপিজি গ্যাস নিয়ে কোনো ধরনের ধর্মঘট নেই। ডিলার পর্যায় থেকে গ্যাস সরবরাহ না পাওয়ায় তাদের দোকানে গ্যাসের মজুদ শেষ হয়ে গেছে। ফলে চাহিদা থাকা সত্ত্বেও তারা ক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করতে পারছেন না।
অন্যদিকে ডিলাররা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, কোম্পানি পর্যায় থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় তারা খুচরা ব্যবসায়ীদের কাছে গ্যাস দিতে পারছেন না। অনেক সময় পরিবহন নিয়ে তারা কোম্পানির ডিপোতে গিয়ে অপেক্ষা করলেও গ্যাস না পাওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে খুচরা দোকানগুলোতে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।
এলপিজি গ্যাস সংকটের কারণে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে বিপাকে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল রেঁস্তোরা ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সংশ্লিষ্টরা জানায়, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা এলপিজি গ্যাসের সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এ দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, খুচরা ব্যবসায়ীদের দাবি তারা ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত পরিমানে গ্যাসের সরবরাহ পাচ্ছে না। আবার ডিলাররা বলছে তারা কোম্পানি থেকে সরবরাহ পাচ্ছে না। যার কারণে বাজারে এলপিজি গ্যাসের সংকট তৈরি হয়েছে। এছাড়াও কয়েকটি দাবিতে এলপিজি গ্যাস ব্যবসায়ীরা সারাদেশে গ্যাস বিক্রি বন্ধ রেখেছে। আশা করছি ১০ তারিখের পরে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, এছাড়াও খুচরা দোকানগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগ পেলে অভিযান পরিচালনা করছি।



