রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া হামিদ মৃধার হাটে অসুস্থ একটি গরুর বাছুর জবাই করে মাংস বিক্রি চেষ্টার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত ৮ই জানুয়ারী রাত ১০টার দিকে হামিদ মৃধার হাটে মোঃ হাসান মোল্লার মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত প্রায় দেড় মণ অযোগ্য মাংস মাটিতে পুতে বিনষ্ট ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে মোবাইল কোর্ট। অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান।
স্থানীয়রা জানান, অসুস্থ ওই গরুটি হাসান কসাই উপজেলার চর মহিদাপুর গ্রামের কৃষক মোঃ আলম খানের কাছ থেকে কিনেছিলেন।
এ বিষয়ে আলম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বাছুর গরুটির বয়স ১৫ মাস। গত কয়েকদিন ধরে সে প্রচন্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছিল। গরুটি সুস্থ না হওয়ায় মোঃ বাদশা নামের একজনের মাধ্যম মাত্র ৫ হাজার হাজার টাকায় গরুটি হামিদ মৃধার হাটের কসাই মোঃ হাসান মোল্লার কাছে বিক্রি করে দেই। হাসান আমার বাড়ির উঠানেই গরুটি জবাই করে মাংস বাজারে নিয়ে যায়। তিনি বলেন, আমি একজন সাধারণ কৃষক। অসুস্থ গরু গবাই করা বা মাংস বিক্রির আইন সম্পর্কে কিছু জানি না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ১৭ ধারা অনুযায়ী উক্ত মাংসকে ভক্ষন অযোগ্য ঘোষণা করা হয় এবং একই আইনের ১৮ ধারা অনুযায়ী উক্ত মাংসকে মাটিতে পুতে বিনষ্ট ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম সরোয়ারসহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অংশ নেয়।



