রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ৭জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের মোবাইল কোর্টে ১মাসের কারাদন্ড দেওয়া হয়।
গতকাল ২০শে জানুয়ারী বালিয়াকান্দি সদর ইউনিয়নের তালপট্টি মাদ্রাসা এলাকায় একটি পুকুর পাড়ে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় যৌথ বাহিনী তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুসারে ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৃত রুস্তম মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া, রহিম মোল্লার ছেলে মোঃ শোভন মোল্লা, মৃত কুরবান আলীর ছেলে মোঃ করিম মিয়া, শিশ সমাদ্দারের ছেলে সনজিত সমাদ্দার, সিদ্দিক মিয়ার ছেলে হাবিব মিয়া, জালাল মিয়ার ছেলে মোঃ কামরুল ইসলাম, আঃ রহিমের ছেলে সাব্বির আহমদ। আসামীদের বাড়ী বালিয়াকান্দি সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। দন্ডিতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।



