তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন, বৈষম্যহীন ও পরিবর্তিত বাংলাদেশ চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। দেশকে বৈষম্যহীন করতে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে, ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিতে হবে।
গতকাল ২০শে জানুয়ারী রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আবদুল্লা আল মামুন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মোটাদাগে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হয়েছে। সেই সনদের আলোকে আগামীতে দেশের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের জন্যই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উপদেষ্টা আরো বলেন, সরকার ১১টি সংস্কার কমিশন করেছে এর মধ্যে ৬টি কমিশন নির্বাচনের সাথে সরাসরি জড়িত। নির্বাচনের সাথে জড়িত বিষয়গুলো নিয়ে হ্যাঁ অথবা না ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন না চাইলে, ক্ষমতার ভারসাম্য চাইলে, নি¤œ কক্ষ ও উচ্চ কক্ষের সমন্বয়ে সংসদ চাইলে, একজনকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না চাইলে, দন্ডপ্রাপ্ত ব্যক্তির বাদীর মতামত ব্যতীত ক্ষমা না চাইলে, নারীর ক্ষমতায়ন চাইলে গণভোটে হ্যাঁ’ র পক্ষে রায় দিতে হবে।
উপদেষ্টা বলেন, আমরা ১৯৯৬ সালে অনেক লড়াই সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আনলাম। কারণ আমরা চেয়েছিলাম আমরা যাকে ভোট দেব সেই যাতে ক্ষমতায় যায়। তখন দেখা গেলো ওই তত্ত্বাবধায়ক সরকার আসলে ওই ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায় না। এর জন্য ২০১১ সালে বিচার বিভাগের কাঁধের ওপর বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের সাথে কোন সম্পর্ক নাই এমন একটি মামলায় জোর করে তত্ত্বাবধায়ক সরকার ঢুকিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। তারপরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ এ প্রহসনের নির্বাচন হলো। সেখানে আপনার আমার মনোনীত মানুষগুলো কিন্তু নির্বাচিত হয়ে সংসদে যায় নাই। এখন গণভোটে যদি আপনি হ্যাঁ বলেন তাহলে ইচ্ছে মতন আপনি সংবিধান বদালানো যাবেনা। ৩০০ জনের একটা সংসদ থাকবে তার ওপর ১০০ জনের একটা উচ্চ কক্ষ থাকবে। এই দুই কক্ষে পাশ হলেই আপনি সংবিধান বদলাতে পারবেন।
উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমবেশি আমরা সবাই জানি। কিন্তু গণভোট নিয়ে আমাদের একটু কম জানা। এই গণভোট রাষ্ট্র বিনির্মাণের একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। এবার ভোটে দুইটি ব্যালট থাকবে, একটি সাদা ও আরেকটি গোলাপী। সাদা ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিনিধি মনোনয়ন করবেন, আর গোলাপী ব্যালটের মাধ্যামে আপনারা গণভোটে হ্যাঁ অথবা না ভোট প্রদান করবেন।
তিনি বলেন, সুশাসন, বৈষম্যদূরীকরণ, পরিবর্তন, প্রশাসনে দলীয়করণ বন্ধ ও জনহিতকর প্রশাসন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে।
তিনি আরো বলেন তথ্য মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তরসমূহ গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচন আচরণ বিধিমালা প্রচারণায় ভোটের গাড়ি, ভোটের রিকশা, উঠান বৈঠক, মাইকিং, মতবিনিময় সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
মতবিনিময় সভায় এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাদ আল ওয়াসিফ, তথ্য অধিদপ্তরের উপ প্রধান তথ্য অফিসার ফারহানা রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন সহ রাজবাড়ীর জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশিল সমাজ, মুক্তিযোদ্ধা, স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে বেলুন উড়িয়ে ভোটের গাড়ি ‘ক্যারাভানের” উদ্বোধন করেন। পরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে একটি বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন। র্যালীটি শহীদ খুশি রেলওয়ে মাঠ থেকে শুরু হয়ে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।



