ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, এই পদ্মা নদী অনেক ছোট হয়ে গেছে, পদ্মা নদী কী এতটুকু ছিল? এই কূল থেকে ওই কূল দেখা যেত না। এখন শীতকাল পদ্মাতে পানি নেই। এর কারণ হচ্ছে ভারতে দেওয়া ফারাক্কা বাঁধ। বর্ষার শেষে তারা সেই বাঁধ আটকে দেয়, সমস্ত পানি তারা আটকে রাখে। নদীতে পানি না থাকলে ফসল উৎপাদন হয় না। এখন ডিপ টিউবয়েল দিয়ে পানি তুলতে হয়। প্রত্যেক বছর এই পানি লেয়ার নিচে নেমে যাচ্ছে। পানির লেয়ার এমন নামতে থাকলে একসময় আমরা পানি পাবো না।
গতকাল ২৮শে জানুয়ারি বিকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নদীতে পানি না থাকলে আর্সেনিক হয়, আর্সেনিক থেকে ঘাঁ সৃষ্টি হয়। এই পানির অভাবে গাছপালা নষ্ট হয়ে যায়। আগামী পাঁচ বছরে সমুদ্রের পানি চলে আসবে রাজবাড়ী। এই পানি চলে আসলে আমাদের জন্য সর্বনাশ। এজন্য আমরা ভেবেছি একটা বাঁধ দিতে হবে। আমরা রাজবাড়ীতেই বাঁধ দিবো। বর্ষার সময় ভারতের পানি ছাড়তে হবে না হলে তারা ডুবে মরবে। তখন আমরা পানি আটকে রাখবো। আমরা অসময়ে সেই পানি ব্যবহার করব। এটি হলে আমাদের এলাকায় ফসল বাড়বে, মাছ চাষ বাড়বে। এই বাঁধ হলে এইখান দিয়ে রেললাইন হবে, রাস্তা হবে, বিদ্যুৎ উৎপাদন হবে, অনেক কিছু হবে। এজন্য আমরা একটা কমিটি করেছি, সেই কমিটির নাম পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। এই কমিটির সভাপতি আমি। এই কমিটিতে অনেক বড় বড় মানুষ আছে, রাষ্ট্রদূতেরা রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অধ্যাপক, গবেষকসহ অনেক বড় বড় জনেরা রয়েছে। আমি আমার নেতা তারেক রহমানকে বললাম পদ্মা ব্যারেজের না করলে বাংলাদেশ শুকিয়ে যাবে। শুধু রাজবাড়ীর সমস্যা নয় সারা বাংলাদেশের সমস্যা হবে। আমার নেতা বলেছে বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ হবে। এজন্য নির্বাচনী ইশতেহারে পদ্মা ব্যারেজ অন্তর্ভুক্ত আছে। আমাদের বিশ্ববিদ্যালয় নেই, বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ একসাথে বসবাস করবো।
তিনি বলেন, বহুদিন পর এই চন্দনীতে জনসভা করছি। মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হলেও প্রায় ২০ বছর পর আজ এখানে একসাথে জনসভা করতে পারছি। প্রায় ২০ বছর আমরা অশান্তিতে ছিলাম। ৫ই আগস্টের পর আপনাদের এখানে আসতে পেরেছি। দেশে এখন নির্বাচিত সরকার নেই। বহুদিন আপনারা ভোট দিতে পারেন নাই, আপনার পছন্দের মানুষকে ভোট দিতে পারেন নাই, পছন্দের মানুষের নির্বাচিত করতে পারেন নাই। ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ সাল প্রত্যেকটি বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান প্রত্যেকবার আমাকে নমিনেশন দিয়েছে। কিন্তু আমি নির্বাচন করতে পারি নাই, ঘর থেকে বের হতে পারি নাই। এই চন্দনীতে একদিন আমি আসবো সেদিন শুনতে পেলাম আওয়ামী লীগের পোলাপান লাঠি-সোঁটা নিয়ে, অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। আমি বাড়ি থেকে বের হতে পারি নাই। তখন পুলিশ, বিডিআর, র্যাব, ডিবি, আওয়ামী লীগের গুন্ডা সবাই মিলে বের হতে দেই নাই আমাকে।
খৈয়ম বলেন, অন্য জেলার মানুষ এখনো আমাদের রাজবাড়ীকে চিনে না, ফরিদপুর রাজবাড়ী বললে চিনে। আর চিনবে কিভাবে, রাজবাড়ীকে যে চিনবে তেমন চেনার মতো কিছুই নেই। আমাদের এলাকার মানুষ দরিদ্র, এটি দরিদ্র এলাকা। এজন্য আমরা ভেবেছি কি করলে এই এলাকা উন্নত হবে। অনেকগুলো বিষয় আমাদের সামনে এসেছে। ১৯৯৪ সালে আমি যখন রাজবাড়ী পৌরসভার মেয়র তখন থেকে আমি পদ্মা সেতুর দাবি করে আসছি। আমাদের রাজবাড়ীতে পদ্মা সেতু লাগবে। কিন্তু সেই পদ্মা সেতু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেটা হলো মাওয়াতে। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন সে রাজবাড়ীতে আসছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন রাজবাড়ীতে পদ্মা সেতু হবে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু রাজবাড়ীতে চাই। বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে পদ্মা সেতু হবে। রাজবাড়ীতে পদ্মা সেতু হলে রাজবাড়ীবাসী পাবে গ্যাস, ব্যবসা-বাণিজ্য উন্নতি হবে, শিল্প-কলকারখানা হবে, আমাদের ছেলে-মেয়েরা বেকার থাকবে না। পদ্মা নদীর ভাঙ্গন কমবে, পদ্মার ভাঙন রোধ হবে, আলোকিত রাজবাড়ী গঠন করা হবে।
চন্দনী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহীন, বিএনপি নেতা গোলাম ফারুক, সাবেক চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, কৃষক দলের সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদির ও মিজানপুন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
জনসভা সঞ্চালনা করেন চন্দনী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন মোল্লা। এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।



