ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব নিরপেক্ষতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করবে---আইজি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-২৯ ১৪:২১:৫২

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) বাহারুল আলম, বিপিএম বলেছেন, আসন্ন নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবে।
 গতকাল ২৯শে জানুয়ারী ঢাকা জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বাহারুল আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন। 
 পুলিশিং কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করার লক্ষ্যে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করে বলেন, বডিওর্ন ক্যামেরার ব্যবহার পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে, যা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত পুলিশিং সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
 সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্বাগত বক্তব্যে প্রধান অতিথিসহ সকল অতিথিদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
 সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি(ক্রাইম এন্ড অপস্) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।
 তিনি তার বক্তব্যে ঢাকা রেঞ্জের নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তি নির্ভর পুলিশিং এবং আন্তঃইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 
 এ সময় পুলিশের বিভিন্নস্তরের অফিসার ও ফোর্সরা তাদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাব আইজিপির সামনে তুলে ধরেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য ছিল দুর্গম থানাসমূহের জন্য গাড়ির পাশাপাশি মোটর সাইকেল সরবরাহ ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধিকরণ। 
 সভা শেষে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন।
 সভায় ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি(অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবাসহ ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 এছাড়াও বিভিন্ন জেলার পুলিশ সুপার, সিআইডি, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র‌্যাব-১০ এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা রেঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

 

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস তারেক রহমানের
নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব নিরপেক্ষতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করবে---আইজি
আসন্ন নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার---মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
সর্বশেষ সংবাদ