প্রতিটি দলেই মুনাফিক, গাদ্দার ও মীরজাফর থাকে। আমাদের দলেও এমন কিছু মানুষ রয়েছে। তারা দিনের বেলায় নিজেদের বিএনপির লোক হিসেবে পরিচয় দেয়, কারণ ধানের শীষের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তাকে পুঁজি করেই তারা চলাফেরা করে; তা না হলে তাদের অস্তিত্ব টিকে থাকত না। কিন্তু রাতের অন্ধকারে তারাই আবার অন্যদের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করে। এ ধরনের গাদ্দারদের কোনো সুযোগ দেওয়া যাবে না এবং তাদের প্রতিহত করতে হবে।
গতকাল ৩রা ফেব্রুয়ারি দিনব্যাপী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নেন এবং হাবাসপুর কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ একথা বলেন।
তিনি আরও বলেন, “কে কার লোক- তা আমরা চিনি না। আমরা সবাই ধানের শীষের লোক। দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন, জুলুম ও নিপীড়ন সহ্য করেও আমরা এই প্রতীককে সম্মানিত রেখেছি। সুতরাং ধানের শীষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদের অবশ্যই প্রতিহত করতে হবে। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।”
পথসভায় হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামানিক, বিএনপি নেতা ও হাবাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



