নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী।
গতকাল ৩লা ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী ২নং রেলগেট সংলগ্ন রেল লাইনের উপর শুয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখা। বিক্ষোভের সময়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ১০টা ৪০মিনিটে আসে। তখন তারা ১০মিনিট ট্রেনটি আটকিয়ে বিক্ষোভ করে। এরপর বিক্ষোভ মিছিল করতে করতে রাজবাড়ী রেলওয়ে স্টেশন আসে এবং ট্রেনটি ১০টা ৫০মিনিটে ছেড়ে স্টেশনে প্রবেশ করে। এ সময় বিক্ষোভকারীদের সাথে যুক্ত হয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮৭৮) রাজবাড়ী জেলা শাখা।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজলীগের সভাপতি সেকেন পাট্টাদার ও বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন। এ সময় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অন্তবর্তী সরকার আমাদের প্রথম থেকে পে-স্কেল দেওয়ার আশ্বাস দিয়ে আসছিল। পে-স্কেল দেওয়ার জন্য পে-কমিশন গঠনও করে। কিন্তু সরকার তা বাস্তবায়ন করেননি। সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল নিয়ে বাহানা করা হচ্ছে। আমাদের যে বেতন স্কেল দেওয়া হচ্ছে সেটি ২০১৫ সালের নিয়ম অনুযায়ী। কিন্তু এর ধারাবাহিকতা হচ্ছে ৫ বছর পর পর পে-স্কেল দেওয়া।
তারা আরও বলেন, ২০১৫ সাল থেকে আজ ২০২৬ সাল ১১বছর আমাদের আগের পে-স্কেল দেওয়া হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্যের দাম কয়েক ধাপ অনুযায়ী বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের বেতন বাড়ছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদর জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। আজ আমরা নেমেছি আমাদের পে-স্কেল আদায়ের জন্য। এই পে-স্কেল হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলনে নামবো।



