ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ৩রা ফেব্রুয়ারি সকালে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে দ্বিতীয় দিনে সকাল ৯টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিরুপমা রায়, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ সহিদুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের দ্বায়িত্ব, কর্তব্য ও নির্বাচনকালীন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে অবগত করেন। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন নিশ্চিতকরণে আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকার আহ্বান জানান।
জানা গেছে, গত ২রা ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়। আগামী ৫ই ফেব্রুয়ারী প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলায় মোট ১১৫ টি কেন্দ্রের ৬৯৫ টি বুথে ভোট গ্রহণ হবে। নির্বাচনে ১২৯ জন প্রিজাইডিং, ৭০২ জন সহকারী প্রিজাইডিং ও ১হাজার ৪৪০ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার মোট ভোটার ৩ লক্ষ ২২ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৪৩ জন, নারী ভোটার ১ লক্ষ ৬১ হাজার ১১৩ জন ও তৃতীয় লিঙ্গ ৬ জন।



