বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাজবাড়ী-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম গতকাল বুধবার বিকেলে গোয়ালন্দে গণসংযোগ করেন।
তিনি গোয়ালন্দ বাজার, পৌর জামতলা, বাসস্ট্যান্ড সহ আশপাশের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগ করেন।
এ সময় এডঃ নূরুল ইসলাম বলেন, তিনি এমপি নির্বাচিত হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের জন্য কাজ করবেন। এছাড়া গোয়ালন্দ ও রাজবাড়ী এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, রাজবাড়ীতে একটি রেলওয়ে ওয়ার্কশপ, পূর্ণাঙ্গ বিশ্ব বিদ্যালয়, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। একই সাথে ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও শোষনমুক্ত সমাজ গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।
গণসংযোগকালে গোয়ালন্দ উপজেলা জামায়াতের আমীর গোলাম আজম মীর মালত, সেক্রেটারি এডঃ মোঃ মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



