ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা শিল্পকলা একাডেমীতে গতকাল ৮ই ফেব্রুয়ারি বিকালে সাংবাদিকদের উপস্থিতিতে রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন-অর রশিদ নির্বাচনী ইশতেহার-২০২৬ ঘোষণা করেছেন।
তিনি পরম করুনাময় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করে বলেন, পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিনী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে।
আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান, আগামীর ভবিষ্যৎ তারেক রহমানকে, যিনি আগামী ১২ই ফেব্রুয়ারী তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার সুযোগ করে দিয়েছেন।
আমার নির্বাচনী ইশতেহার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহারের মূল ৫টি স্তম্ভ। যথা- রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুর্নগঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সাংস্কৃতিক ও সংহতির বিষয় ও আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোকে প্রণীত।
সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানব সম্পদ, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় নেতাদের সম্মানী, শ্রমিক ও প্রবাসী কল্যাণ, সেবা খাত, যোগাযোগ ও পরিবহন খাত, জনগুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে মোঃ হারুন অর রশিদ বলেন, আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে, আইনের উর্ধ্বে কেউ থাকবে না। লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা-এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে। এবং প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে- আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।
নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় বিএনপির নেতৃবৃন্দ তার পাশে উপস্থিত ছিলেন।



