রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই ফেব্রুয়ারি সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সঞ্চালনায় সভায় রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, বিজিবি ৪৭ ব্যাটালিয়ানের লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান, এনএসআই এর যুগ্ম পরিচালক এবিএম ফারুক সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যন্য সদস্য ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাসমূহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ তৎপর রয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও বিভিন্ন বাহিনীর সাথে সমন্বয় করে জেলা পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার ব্যাটালিয়ান কাজ করবে। আমাদের রেগুলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় আরো ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রেরণ করেছে। তাদের প্রত্যেকটি উপজেলায় দায়িত্ব দিয়েছি। তারা বিভিন্ন বাহিনীর সাথে স্ট্রাইকিং বা মোবাইল টিমের সাথে কাজ করবে। এখন পর্যন্ত রাজবাড়ী জেলায় নির্বাচনের প্রস্তুতির যে বিষয়টা সেখানে কোন ঘাটতি দেখতে পাচ্ছিনা। এছাড়াও তথ্য অফিস থেকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে। একটি সুন্দর নির্বাচনের জন্য আমাদের যেভাবে যেভাবে কাজ করা দরকার আমরা সেভাবে কাজ করছি।
তিনি আরও বলেন, প্রত্যেকটি উপজেলায় ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি কর্মশালায় আমরা নিজেরা গিয়ে আমাদের যে ম্যাসেজগুলো সেগুলো তাদের পৌঁছে দিয়েছি। এর বাইরে প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ৫জন করে পোলিং এজেন্ট যারা হবে তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা রাজবাড়ী জেলায় প্রত্যেকটি আইন-শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন আমরা সুন্দর সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবো। এ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।



