আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে রাজবাড়ী জেলার সার্বিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে নির্বাচনের সাথে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা গতকাল ৮ই ফেব্রুয়ারি বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৫৫ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সাহেদ, কর্নেল স্টাফ ৫৫ পদাতিক ডিভিশন, সিও ৮ ফিল্ড রেজিঃ আর্টিলারি, সিও ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান, সিও ৫৫ এমপি, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিজিবি ও র্যাবের কমান্ডারসহ সেনাবাহিনী, জেলা প্রশাসন, জেলা পুলিশের কর্মকর্তাগণ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, সকল থানার অফিসার ইনচার্জসহ নির্বাচনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের একত্রিত হয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আহ্বান জানান।
এছাড়াও তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সকলের মতামতের প্রেক্ষিতে সমন্বিতভাবে কাজ করে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য আহবান জানান।
মতবিনিময় সভা শেষে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
এর আগে দুপুরে তিনি কালুখালীতে নির্মাণাধীন সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।



