ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
আবুধাবি ও দুবাইতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • সংযুক্ত আরব আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২৬-০২-২২ ১৪:৩১:৩৪

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে গত ২১শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
 দিনের শুরুতে দূতাবাস ও কনসুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল রাশেদুজ্জামানের নেতৃত্বে প্রভাতফেরি করে অস্থায়ী ও স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ প্রবাসীরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
 দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি চীফ অব মিশন শাহানাজ আক্তার রানু। এছাড়া পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব রুবাইয়া আফরোজ।
 দূতাবাসের হেড অব চ্যান্সারি তৌহিদ ইমামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতি চারণ করেন। তারা বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য একদিকে যেমন শোকের, অন্যদিকে নিজের ভাষায় কথা বলার অধিকার আদায়ের এক দুর্লভ উত্তরাধিকার।
 প্রবাসের মাটিতেও মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
 রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহীদদের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের ছাত্র গণআন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন, সব ধরনের ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে আমাদের মনোনিবেশ করতে হবে।
 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, আবুল বাশর, শাখাওয়াত হোসেন বকুল, আবুল কালাম আজাদ, সাইফুন নাহার জলি, আশিষ কুমার বড়ুয়া, আব্দুল আওয়াজ, আফজাল হোসেন এবং জুয়েল রানা প্রমুখ।
 অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, জাতীয়তাবাদী দল(বিএনপি), প্রবাসী অধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বিদেশী রাষ্টদূত ও অতিথিদের অংশগ্রহণে নেপালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আবুধাবি ও দুবাইতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে বাংলাদেশ ২০২৬ সালের জন্য সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ