পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির এক সভা গতকাল ৫ই মার্চ বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজধানী ঢাকার গুলশান-২ এর শামসুদ্দিন টাওয়ারের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বক্তব্য রাখেন।
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও ওয়ার্কিং কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন জালালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন ওয়ার্কিং কমিটির উপদেষ্টা ও ওয়ার্কিং কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস এম মতিউর রহমান, জাতীয় কমিটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) আবু ওহাব মোঃ হাফিজুল হক, ওয়ার্কিং কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোহাম্মদ মোহসীন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ও পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যাপক(অবঃ) সালাম তাসির, জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ হিটু সহ জাতীয় কমিটি ও রাজবাড়ী জেলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প আগামী ১৫ই মার্চ নতুন সরকারের একনেক বৈঠকে উপস্থাপনের সম্ভাবনা রয়েছে বলে জনানো হয়। সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৮ই জানয়ারী পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায়(পিইসি) প্রকল্পটির প্রস্তাব পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ সংক্রান্ত পরিকল্পনা কমিশনের সদস্য মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো) এর কর্মকর্তারা জানান, প্রকল্পটির মোট ব্যয় প্রস্তাব করা হয়েছিল ৫০ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। তবে পিইসি প্রকল্পটি দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। এর মধ্যে প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৬০৮ কোটি টাকা। মার্চ ২০২৬ থেকে জুন ২০৩৩ সময়ের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তারা।
একটি সূত্র জানায়, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প শুরুর উদ্যোগ নিলেও পুনর্গঠিত প্রকল্প প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য গত ২৫শে জানুয়ারী সরকারের সর্বশেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের কথা থাকলেও শেষ মুহুর্তে তা উত্থাপন হয়নি। আগামী ১৫ই মার্চ নতুন সরকারের একনেক বৈঠকে উপস্থাপনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের(পাউবো’র) বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পয়েন্টকে পদ্মা ব্যারেজ(পূর্বের নাম গঙ্গা ব্যারেজ) নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই স্থান থেকে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, পানি বিভাজন এবং নি¤œপ্রবাহে পানির সুষ্ঠু বণ্টন তুলনামূলকভাবে সহজ হবে ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজের মাধ্যমে।
ওই কর্মকর্তা আরও জানান, উজানে গঙ্গা (যেটি বাংলাদেশে পদ্মা) নদীতে ভারতের ফারাক্কা বাধের কারণে বাংলাদেশে পদ্মায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এ রকম ব্যারাজের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল।
উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গত ৪ঠা ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজ করলে কৃষক ভাইরা সুবিধা পাবেন। সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা।
তারেক রহমান আরো বলেন, ‘সমগ্র অঞ্চল ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যাতে করে ক্রাইসিস(সংকট) এলে বা শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাদের কষ্ট না থাকে। এই পদ্মা ব্যারেজ নির্মাণকাজে আমরা হাত দিতে চাই।’
পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি এখন বাস্তবায়ন হবে বলে আশাবাদী অঞ্চলের মানুষ।



