রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বানজানা গ্রামের সরকারী জমি লীজ নিয়ে চাষাবাদ করতে গিয়ে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ঝন্টু শেখ কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা গ্রামের বানজানা মৌজার ঢওও-ভিপি-২০৪/১৯৭৭-৭৮ নং লীজ কেসের আওতায় এসএ ২৮৫৩, ৭৪৯, ৪৪৯, ৫০৫, ৫০৯ ও ৫৩১ নং দাগ এবং বিএস ৩৭০৮, ৩৭০৯, ১০২৩, ৬০৪, ৬৭৬, ৬৭৭, ৬৯৪ ও ৭১৭ নং দাগের মোট ১ একর ২৪ শতাংশ সরকারী জমি একই গ্রামের ইসমাইল শেখের ছেলে ঝন্টু শেখ ও মৃত বীরেন্দ্রনাথ পালের ছেলে বিশ্বরঞ্জন পাল লীজ গ্রহণ করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বিশ্বরঞ্জন পালের পিতা শ্রী বীরেন্দ্রনাথ পাল ১৩৮৫ বাংলা সাল পর্যন্ত সরকারী ফি প্রদান করে জমিটি ভোগদখল করতো। পরবর্তীতে ১৩৮৫ বাংলা সাল থেকে চলতি বছর পর্যন্ত বকেয়া লীজমানি পরিশোধ করে ঝন্টু শেখ ৬৮ শতাংশ এবং বিশ্বরঞ্জন পাল ৫৬ শতাংশ জমি ভোগদখলের জন্য নবায়ন করেন।
তবে জমিতে চাষাবাদ করতে গেলে একই গ্রামের সিরাজ মন্ডলের ছেলে মোঃ হাবিল শেখ, মৃত কছিমদ্দিন মৃধার ছেলে কুয়েত মৃধা, কুয়েত মৃধার মেয়ে সনেকা খাতুন, তাইজেল মৃধার ছেলে আলীম মৃধা ও মেয়ে শিল্পী খাতুন, আরিফ মৃধা, তাইজাল মৃধা, শাজাহান মৃধা, ঝপা খাতুন ও মোঃ সাকিবসহ কয়েকজন বাধা দেয় বলে অভিযোগ করেন লীজগ্রহণকারীরা। এ ঘটনায় ঝন্টু শেখ বাদী হয়ে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ঝন্টু শেখ সাংবাদিকদের বলেন, “আমি সরকারের কাছ থেকে নিয়ম অনুযায়ী জমি লীজ নিয়ে চাষাবাদ করতে গেলে তারা বাধা দেয়। উপজেলা ভূমি অফিস থেকে লীজ সংক্রান্ত তথ্যসহ সাইনবোর্ড স্থাপন করা হলে রাতের অন্ধকারে তা ভেঙে ফেলে। এছাড়াও বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তাদের যদি জমির দাবি থাকে, তাহলে সরকারের কাছে দাবি করুক।”
বিশ্বরঞ্জন পাল বলেন, “আমার বাবা ১৯৭৭-৭৮ সাল থেকে সরকারের কাছ থেকে জমিটি লীজ নিয়ে ভোগদখল করে আসছিলেন। বাবার মৃত্যুর পর কিছুদিন লীজমানি জমা দেওয়া হয়নি। পরে উপজেলা ভূমি অফিসের নোটিশ পেয়ে আমি ও ঝন্টু শেখ বকেয়া লীজমানি পরিশোধ করে চলতি বছর পর্যন্ত নবায়ন করেছি। তারপরও আমাদের জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে।”
অভিযুক্ত মোঃ হাবিল শেখ ও কুয়েত মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, উক্ত জমি দলিলমূলে আমাদের সম্পত্তি। তারা ভুয়া ডিসিআর দেখিয়ে জমি দাবি করছে।



