প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, উপজেলার সকল সরকারী দপ্তরের কাজ থাকবে দৃশ্যমান ও জবাবদিহিতামূলক। যাতে করে জনগণ তাদের এলাকার উন্নয়নমূলক কাজের বিষয়ে জানতে পারে এবং সেক্ষেত্রে প্রত্যেক দপ্তরের কর্মকর্তারা জনগণের নিকট তাদের কাজের জবাবদিহিতা দিতে বাধ্য থাকবে।
গতকাল ১৩ই মার্চ দুুপুর ১২টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঋণ নির্ভরতা কমিয়ে মালিকানা নির্ভর শিল্পায়ন চায় সরকার। আমরা গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক সমাজ গড়তে চাই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ এবং জনপ্রশাসনে ব্যাপক রকম পরিবর্তন করতে চাই। রাজবাড়ীতে আমাদের প্রথম কাজ আমরা দেখতে চাই একটি মডেল গোয়ালন্দ উপজেলা। এছাড়া রাজবাড়ী জেলাকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। যারা মাদকের সাথে সংযুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পুরো রাজবাড়ী জেলাকে মাদকের কোন চিহ্ন রাখা যাবে না।
উপদেষ্টা বলেন, সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আগে দেশে যে অর্থনৈতিক মডেলটি ছিল, তা টেকসই ছিল না। কারণ এটি ছিল ‘ভোগ নির্ভর’। এজন্য জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে একটি রাজনৈতিক সরকার এসেছে।
এই সরকার অর্থনীতিতে একটা বড় পরিবর্তন করতে চায়। বর্তমান সরকার কথার রাজনীতি করে না, বরং কথাকে কাজে রূপ দেয়। তার উদাহরণ হিসেবে তিনি বলেন, ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যা প্রায় ৬০ লাখ মানুষের উপকারে এসেছে। এছাড়া রমজান উপলক্ষে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন উপাসনালয়ের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।
ড. তিতুমীর বলেন, “জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মতো বৈশ্বিক চ্যালেঞ্জ থাকলেও সরকার জনবান্ধব কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং বেকারত্ব কমাতে কাজ করে যাচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, কৃষি, নদ-নদী, জলাভূমি ও সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ ভবিষ্যতে দক্ষিণ এশিয়াসহ পুরো এশিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশ সুপার মোঃ মনজুর মোরশেদ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। এর আগে অতিথিরা উপজেলা চত্বরে এসে পৌছালে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তাদেরকে ফুলেল অভ্যর্থনা জানান।



