বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির শিক্ষা বিষয়ক কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত কারিকুলামের সাথে সাথে নির্ধারিত ক্রীড়া ও সহ পাঠ্যক্রম কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ লক্ষ্যে গত ১লা এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের জন্য ৬সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি মাধ্যমিক অধিশাখা)কে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
গঠিত কমিটিটি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নে যথাযথ উদ্যোগ গ্রহণ ও তদারকি করবে এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
সহপাঠ্যক্রম কার্যক্রমের অন্যতম হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম। যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংগীত: আধুনিক গান, দেশাত্ববোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত, গজল, হামদ ও নাত। আবৃত্তি: বাংলা কবিতা, ইংরেজি কবিতা। অভিনয় : নাটক, একক অভিনয়। কুইজ প্রতিযোগিতা, নৃত্য, গ্রাফিতি অংকন; জাতীয় দিবসে লোক সংগীত, ঐতিহ্য পরিবেশনা ইত্যাদি সাংস্কৃতিক কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করতে হবে।



