ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
ত্রিশালে দুই দশক পর এবার নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-০৪ ১৪:২৮:৩৮

ময়মনসিংহের ত্রিশালে প্রায় দুই দশক পর এবার ঘটা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 গতকাল ৪ঠা এপ্রিল দুপুরে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
 সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ত্রিশালে ২০০৬ সালের পর জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী হচ্ছে না, স্থানীয় সংসদ সদস্য সংসদে বিষয়টি উত্থাপন করার পর এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে জাতীয়ভাবে ত্রিশালে এবার নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তাই অনুষ্ঠানটি আকর্ষণীয় আয়োজন করতে পরিকল্পনা নেয়া হচ্ছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনকে যদি আমাদের উন্নতি করতে হয় তাহলে নতুন করে শুরু করতে হবে। আমাদের গ্রামেগঞ্জে সংস্কৃতির নানা ধরনের উপাদান ছড়িয়ে আছে, তা নিয়ে কাজ করতে হবে। সংস্কৃতির বিকাশে সরকার অত্যন্ত আন্তরিক।
 জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ত্রিশালে নজরুলকে ঘিরে আয়োজনটি যেন গতানুগতিক না হয়, বরং আমাদের ইতিহাস, সংগ্রাম ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন ঘটাতে হবে। আমরা এমন একটি সাংস্কৃতিক কর্মসূচি নিতে চাই, যা শুধু একটি অনুষ্ঠান নয় বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে।
 প্রতিমন্ত্রী খৈয়ম আরও বলেন, ত্রিশাল থেকেই আমরা একটি বার্তা দিতে চাই সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে গড়তে হবে। ত্রিশাল বাংলাদেশকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত উপহার দিতে পারে। আমাদের সংস্কৃতি নানা কারণে স্থবির হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তোরণের জন্য প্রয়োজন একটি মনস্তাত্ত্বিক বিপ্লব চিন্তা, চেতনা ও মননের গভীরে পরিবর্তন।
 সভায় বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মুখ্য আলোচক হিসেবে  ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন বক্তব্য রাখেন।
 ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ জাহাঙ্গীর আলম ও রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া প্রমুখ। সভায় বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা কালচারাল অফিসার, সংস্কৃতি অঙ্গন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 সভা শেষে প্রতিমন্ত্রী ও অতিথিরা ত্রিশালে অবস্থিত নজরুলের বাল্য বিদ্যাপীঠ নজরুল একাডেমি, স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন ও জন্মজয়ন্তী উদযাপনের স্থান পরিদর্শন এবং সেগুলোর প্রয়োজনীয় সংস্কার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

 

বাংলাদেশকে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে ঃ ড. তিতুমীর
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ