রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গতকাল ৬ই এপ্রিল যোগদান করেছেন।
গতকাল সোমবার সন্ধ্যার পর তিনি রাজবাড়ী সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মোঃ মাহমুদুল হক তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশিক উন নবী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাতে সার্কিট হাউজে বরণ ও বিদায় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন ও বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজ ৭ই এপ্রিল সকালে বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছ থেকে নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
রাজবাড়ীর নতুন ডিসি আফরোজা পারভীন ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি রাজবাড়ী জেলার ২৭তম জেলা প্রশাসক এবং নারী জেলা প্রশাসকদের মধ্যে ৭ম।
উল্লেখ্য, গত ১লা এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি(বিপিপিএ) পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে নিয়োগ করা হয়।
অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।



