রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে আসা ২জন মোটর সাইকেল আরোহীর ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট অভিযানে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৭ই এপ্রিল বিকেলে সদর উপজেলার শ্রীপুর রাজবাড়ী ফিলিং স্টেশনে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়।
জানা গেছে, রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে আসা সকল মোটর সাইকেল আরোহীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, হেলমেট বা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় দুই মোটর সাইকেল আরোহীর ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় মোঃ রকি মিয়া নামের এক মোটর সাইকেল আরোহীকে ১ হাজার ৫০০ টাকা ও একই আইনে মোঃ নিরব মল্লিককে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় বলেন, সদর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চাহিদা অনুযায়ী তেলের যোগান স্বাভাবিক রয়েছে। রাজবাড়ী জেলার সাথে অন্যান্য জেলার কানেকটিং রোড থাকায় অন্য জেলার মোটর সাইকেল আরোহীরাও রাজবাড়ী থেকে তেল নেওয়ার কারণে বাড়তি চাপ পড়েছে। আমরা নিশ্চিত করেছি যে বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট যাদের আছে এবং যাদের প্রকৃতই তেল দরকার এজন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। এ সময় ২জনের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।



