‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৭ই এপ্রিল সকাল ১০টায় দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে গোয়ালন্দের ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহের আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব উল হক।
৭ই এপ্রিল থেকে আগামী ১৩ই এপ্রিল পর্যন্ত চলবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ।
দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে জাটকা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস ও উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেওয়া সকলের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী” শ্লোগানসহ ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ “জাটকা” নামে পরিচিত। ১লা নভেম্বর থেকে ৩০শে জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দন্ডনীয় অপরাধ এবং এই আইন অমান্যকারী অনধিক ২ বছর পর্যন্ত সশ্রম কারাদ- অথবা ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদ- অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন লেখা উল্লেখ করা হয়।



