রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গতকাল ৭ই এপ্রিল সকাল ১০টায় তার অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।
নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি রাজবাড়ী জেলার ২৭তম জেলা প্রশাসক এবং নারী জেলা প্রশাসকদের মধ্যে ৭ম।
এর আগে তিনি ঢাকায় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির(বিপিপিএ’র) পরিচালক(উপসচিব) পদে কর্মরত ছিলেন।
গতকাল ৭ই এপ্রিল সকালে নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন সার্কিট হাউজ থেকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছালে তাকে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশিক উন নবী তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ এ সময় উপস্থিত ছিলেন।
একই সময়ে কালেক্টরেট স্টাফদের পক্ষ থেকেও নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের নিকট থেকে নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন দায়িত্বভার গ্রহণ করেন। পরে নবাগত জেলা প্রশাসক ও বিদায়ী জেলা প্রশাসক ট্রেজারি শাখা পরিদর্শনে গেলে সেখানে জেলা পুলিশের হাউজ গার্ড দল তাদেরকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার প্রদান শেষে তারা ট্রেজারী শাখা পরিদর্শন করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীসহ জেলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১লা এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি(বিপিপিএ) পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে নিয়োগ করা হয়।
অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২৭তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা বিদায়ী জেলা প্রশাসক হিসেবে সুলতানা আক্তার ২০২৫ সালের ১৩ই জানুয়ারী জেলার ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করে ১বছর ২ মাস ২৫ দিন সুনামের সাথে কর্মরত ছিলেন। দায়িত্বভার হস্তান্তরের পর গতকাল ৭ই এপ্রিল বেলা ১১টায় তিনি নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করেন।



