ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
পাংশার মাছপাড়ায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে প্রতিপক্ষের হামলা-ভাংচুর ও লুটপাট॥থানায় অভিযোগ
  • আকাশ মাহমুদ
  • ২০২৬-০৪-২৪ ১৬:২২:০৯

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় গ্রামে মামলা প্রত্যাহার না করায় গতকাল ২৩শে এপ্রিল সকাল ৭টার দিকে প্রতিপক্ষ কর্তৃক বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
 এ ঘটনায় ভুক্তভোগী হৃদয় মন্ডল গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
 অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হৃদয় মন্ডলের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।
 মামলার বিবাদীরা হলো- মোঃ ওহাব মন্ডল, মোঃ আজিজ, মোঃ আনোয়ার, মোঃ জিল্লু, মোঃ জিকু, মোঃ হনু, মোঃ রিজাই ও শাহিন।
 ভুক্তভোগী হৃদয় মন্ডল জানান, গত বৃহস্পতিবার সকালে উল্লেখিতরাসহ অজ্ঞাত ৫০/৬০ জনের একটি সশস্ত্র দল নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। তারা একটি সাব-বাক্সে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ও একটি পালসার মোটর সাইকেল ভাংচুর করে। এছাড়া তারা তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। এ সময় তিনি প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
 এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ওহাব ও আজিজ মন্ডলের স্ত্রীরা জানান, মামলা তুলে নেওয়ার বিষয়ে কথা বলতে গেলে ওই পরিবারের লোকজন তাদের স্বামীদের মারধর করে। পরবর্তীতে তাদের লোকজন সেখানে গিয়ে ভাংচুর চালায়। তাদের দাবি, তাদের দুই স্বামী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে হাসপাতালে গিয়ে তাদের উপস্থিতি পাওয়া যায়নি।
 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের কান্ড ঃ ‘সরকার কা মাল দরিয়া মে ঢাল
দৌলতদিয়া পতিতাপল্লীর বিয়ার বিক্রেতা শ্রমিক নেতা সুমন মোল্লার অডিও ভাইরাল
কালুখালীতে বিদেশি জাতের আঙুর চাষে কৃষক ওহিদুল ইসলামের দৃষ্টান্ত
সর্বশেষ সংবাদ