বসন্তপুরে বাড়ি থেকে বের হয়ে ৫দিন যাবৎ নিখোঁজ লামিয়া

আশিকুর রহমান || ২০২৫-০৭-০২ ১৫:১৬:৪১

image

বাড়ি থেকে বের হয়ে গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছে লামিয়া আক্তার(২০) নামে এক যুবতী। এতে উৎকণ্ঠা বিরাজ করছে তার পরিবারের মাঝে।
 গত ১লা জুলাই এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেন লামিয়ার মা আন্না বেগম। নিখোঁজ লামিয়া রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের গুতুম শেখের মেয়ে।
 লামিয়ার মা আন্না বেগম বলেন, আমার মেয়ে লামিয়াকে প্রায় দুই বছর আগে ফরিদপুর জেলায় ইউসুব মন্ডলের সঙ্গে বিয়ে দেই। দেড় মাস আগে আমার মেয়ের সঙ্গে তার স্বামীর রাগারাগি হলে আমার মেয়ে রাগ করে আমাদের বাড়িতে চলে আসে এবং তারপর থেকে সে আমাদের বাড়িতেই বসবাস করতো। গত ২৮শে জুন সকাল ১১টার দিকে আমার মেয়ে হাতে একটি শপিং ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে সে আমাকে কিছু না বলেই বের হয়ে যায়। আমি ভাবি সে হয়তো তার কোন বান্ধবীর বাড়িতে গিয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরেও সে আর বাড়িতে ফেরেনি। আমার মেয়েকে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে কালো ছাপা রংয়ের বোরখা ছিল।
 তিনি আরও বলেন, আমার মেয়ের কোন ব্যক্তিগত মোবাইল ফোন ছিল না। কিন্তু সে মাঝে মধ্যে আমার মোবাইল দিয়ে অজ্ঞাত কারো সঙ্গে কথাবার্তা বলত। কোন সহৃদয়বান ব্যক্তি লামিয়াকে পেয়ে থাকলে ‘০১৭৪০-৩২৮৪২৭’ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন আন্না বেগম।
 এ বিষয়ে রাজবাড়ী সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, লামিয়া নিখোঁজের ঘটনায় তার মা থানায় একটি জিডি করেছেন। তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com