ভারি বর্ষণে ধ্বসে গেছে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর

মইনুল হক মৃধা || ২০২৫-০৮-১০ ১৫:৪৪:২২

image

ভারী বর্ষণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রাচীরের একটা বড় অংশ ধ্বসে গেছে।
 গত ৯ই আগস্ট শনিবারে দেয়ালটি পাশের পুকুরে ধ্বসে পড়ে। এতে করে উন্মুক্ত হয়ে পড়েছে হাসপাতালটি।
 হাসপাতালের দক্ষিণ-পূর্বপাশের ওই দেয়াল ঘেঁষে পাবলিক টয়লেট করার জন্য ইতোপূর্বে বড় ধরণের গর্ত করে রেখেছিল পৌরসভা। কিন্তু শেষ পর্যন্ত সেখানে টয়লেট স্থাপন করা হয়নি। 
 জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণে ওই স্থানের মাটি টয়লেটের গর্তে ভেঙ্গে পড়তে থাকলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বিশাল সীমানা প্রাচীরটি। অবশেষে ৯ই আগস্ট দেয়ালটি পাশের পুকুরে ধ্বসে পড়ে। 
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মোঃ শরিফুল ইসলাম জানান, দেয়াল ঘেঁষে গর্ত করে রাখার কারণে ভারি বর্ষণে হাসপাতালের দেয়াল ধ্বসে পড়েছে। এতে করে হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পাবলিক টয়লেট করার জন্য গর্ত করার পরও তা না করাটা দুঃখজনক ছিল। দেয়াল ধ্বসের বিষয়টি গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি। 
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমান বলেন, দেয়াল ধ্বসের খবরটি শুনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ করে উপজেলা পরিষদ বা পৌরসভা থেকে যতদ্রুত সম্ভব বাউন্ডারিটি মেরামত করা হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com